ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক এএসএম আমিনুল ইসলামের বিরুদ্ধে জামিনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সঠিক উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা জাতীয় আইন সহায়তা কেন্দ্রের পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম আইন মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দিয়েছেন।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাল টাকা, মাদক মামলার বিভিন্ন পেশাদার আসামি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী কামরুন্নাহার নাদিয়া হত্যা মামলায় ওই বিচারক জামিন দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।”
গত ১ জানুয়ারি তদন্ত করে পরদিন আইন মন্ত্রণালয়ে তিনি প্রতিবেদন জমা দেন উল্লেখ করে তিনি বলেন, “এর মধ্যে কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে।”
গত ডিসেম্বরে মহানগর দায়রা জজ আদালতে অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি গ্রহণের দায়িত্ব পান কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল।
গত ৮, ১২, ১৩, ১৯, ২৭ ও ২৮ ডিসেম্বর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী কামরুন্নাহার নাদিয়া হত্যা মামলার আসামি, কয়েকটি জাল টাকা এবং মাদক মামলার আসামিদের জামিনে অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এর জের ধরে গত ২৯ ডিসেম্বর তারিখে আইন মন্ত্রণালয় এক সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২৩৫৪ ঘ.
bdnews24