২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

সিলেটে একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

সিলেট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে। সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এই রায় দেন। দণ্ডিতরা হলেন-কোতোয়ালি থানার কুশিটুক নয়াবস্তি এলাকার মো. সেলিম (৩০), শরিফ আহমদ (২৮), ছালাই মিয়া (২৫), আব্দুর রহিম আদু (৫০) ও মো. দুদু মিয়া (৪০)। এরা সবাই কারাগারে আছেন। মামলার নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ১ জুলাই খাদিমপাড়া ইউনিয়নের কুশিটুক (মিরেরচক) এলাকার নূরুল হকের সাথে বালু উত্তোলন নিয়ে আসামিদের মধ্যে কথা কাটাকাটি হয়। আসামিরা নূরুল হকের জমিতে রাস্তা তৈরি করতে চাইলে তার ছেলে টুকেরবাজার উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সুমন আহমদ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা বেলচা, কোদাল, রড, লাঠি দিয়ে সুমনকে আঘাত করে। দু’দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুমনের বাবা নূরুল হক বাদী হয়ে ৩ জুলাই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩৩৬ ঘ.