ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন পুনর্গঠনে বিকল্প প্রস্তাব না দিয়ে রাষ্ট্রপতির সার্চ কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিরোধী দলের সমালোচনা করেছে টিআইবি।
একইসঙ্গে কমিশন গঠনে রাষ্ট্রপতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সার্চ কমিটি গঠন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সোমবার এক বিবৃততিতে এ আহ্বান জানায়।
সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, “বিকল্প প্রস্তাব না দিয়ে বিরোধী দলের ঢালাওভাবে এ উদ্যোগ প্রত্যাখান করা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের প্রস্তাব আমরা মেনে নিচ্ছি না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তের আগে এ ধরনের কমিটি গঠন আমরা মেনে নেব না।”
নতুন নির্বাচন কমিশন গঠনে মত নিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ একটি প্রস্তাব পাঠান। এতে কমিশন গঠনে উচ্চতর আদালতের দুই বিচারক এবং তিন সাংবিধানিক সংস্থার প্রধানকে নিয়ে একটি সার্চ কমিটি করার কথা বলা হয়।
কমিটির সদস্যদের ‘প্রাতিষ্ঠানিক অবস্থান ও মর্যাদার বিষয় প্রশ্নাতীত’ উল্লেখ করে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, “দেশের বিদ্যমান দ্বান্দ্বিক রাজনীতির বাস্তবতার প্রেক্ষিতে এই কমিটি গঠন ও এর কার্যপদ্ধতি নিরূপণে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে কমিটির কাজের সাফল্যের সম্ভাবনাকে বৃদ্ধি করবে।”
“এক্ষেত্রে সরকারি ও বিরোধী উভয় পক্ষেরই দ্বন্দ্বের পথ পরিহার করে আলোচনা ও সমঝোতার পথ অবলম্বন করা অপরিহার্য।”
ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রাক্কালে গত ২১ ডিসেম্বর টিআইবি রাষ্ট্রপতির কাছে ৬ দফা উপস্থাপন করে। এতে সরকারি ও বিরোধী দলের মনোনীত সমান সংখ্যক ও স্পিকারসহ পাঁচ-সাত জন সদস্য নিয়ে গঠিত একটি বিশেষ সংসদীয় কমিটির অনুসন্ধান কমিটি গঠনের সুপারিশ করা হয়।
প্রস্তাবিত নামের তালিকা জনসমক্ষে প্রকাশ এবং চুড়ান্ত নিয়োগের পূর্বে সংসদীয় বিশেষ কমিটি কর্তৃক শুনানিরও প্রস্তাব রয়েছে টিআইবি’র পক্ষ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমএইচসি/পিডি/২৩২২ ঘ.
bdnews24