ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পর্যায়ের ৪৫২টি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) কর্মীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে।
একইসঙ্গে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সব উন্নয়ন প্রকল্প ও কর্মসূচির সঙ্গে সমন্বিতভাবে ইউসিসিএ’র কার্যক্রম পরিচালনা এবং এ প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষমতা পুনরায় ফিরিয়ে দিতে নতুন নীতিমালা সংশোধন করা হবে।
স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সোমবার বিকেলে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সভায় সভাপতিত্ব করেন।
জাইকার সহযোগিতায় পরিচালিত ‘লিঙ্ক মডেল’কে বিআরডিবি’র নিয়মিত কর্মকাণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করতেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মহিলা উপকারভোগীদের জন্য টাঙ্গাইল মহিলা প্রশিক্ষণ কেন্দ্রকে জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রে উন্নীত করা হবে।
সভায় পল্লী উন্নয়ন ও সমবায়সচিব মিহির কান্তি মজুমদার, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান ও বোর্ডের মহাপরিচালক হুমায়ুন খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২২৪ ঘ.
bdnews24