২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকায় গেরিলাদের পথ-প্রদর্শক কাজী কামাল’

যুদ্ধক্ষেত্রে অসম সাহস ও বীরত্বের জন্য সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন বীর বিক্রমকে তার সহযোদ্ধারা ঢাকার গেরিলা যুদ্ধের পথ প্রদর্শক হিসাবে আখ্যায়িত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধক্ষেত্রে অসম সাহস ও বীরত্বের জন্য সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন বীর বিক্রমকে তার সহযোদ্ধারা ঢাকার গেরিলা যুদ্ধের পথ প্রদর্শক হিসাবে আখ্যায়িত করেছেন। সোমবার কামাল উদ্দিনের জানাজায় অংশ নিতে আসা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা বলেন, “ঢাকার গেরিলা যুদ্ধের কার্যক্রমটা অনেকটা তার (কামাল উদ্দিন) নেতৃত্বেই শুরু হয়েছিলো। তার দেখানো পথ অনুসরণ করেই আমরা এগিয়ে গিয়েছিলাম। তিনি ছিলেন ঢাকার মুক্তিযোদ্ধাদের পাইওনিয়ার।” রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ী মসজিদে জানাজায় এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলছিলেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা খোকা। আরেক সহযোদ্ধা পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল ই ইলাহী মশগুল স্মরণ করেন পূর্ব পাকিস্তান বাস্কেটবল টিমে কামাল উদ্দিনের অধিনায়কত্বের বিষয়টি। তিনি বলেন, “জাতীয় দলের ট্রায়ালে ডাক পাওয়ার পরপরই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে উনি যুদ্ধে যোগ দেন।” সাবেক হুইপ আবু সাইদ খান বলেন, “খেলার মাঠের কৌশল ও প্রয়োগ করেছিলো যুদ্ধক্ষেত্রে। এ বিষয়টাও ওকে অন্যদের থেকে আলাদা করে দেয়।” ১৯৪৬ সালের ১১ জুলাই ঢাকার মালিটোলায় জন্ম নেওয়া কামাল উদ্দিনের বাস্কেটবলে হাতেখড়ি হয় সেন্ট গ্রেগরি স্কুলে পড়ার সময়। রোববার রাত সোয়া ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ আসর জানাযা নামাজ শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিজ গ্রাম সাকাশ্বরে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন তিনি। ১৯৭১ সালের মে মাসে আগরতলার মতিনগর মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেন কাজী কামাল। তার সঙ্গে ফতেহ আলী চৌধুরী, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়াসহ কয়েক বন্ধুও তখন ওই প্রশিক্ষণ ক্যাম্পে যায়। সেখান প্রশিক্ষণ শেষে বাংলাদেশে ঢুকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। ঢাকায় গেরিলা অপারেশন চালনাকারী ক্রাক প্ল্যাটুনের সদস্য ছিলেন তিনি। ‘ও চিন্তা করলো লড়ে দেখি’ ‘কাচপুর অপারেশনে’ অংশ একসঙ্গে নেন কামাল উদ্দিন ও আবু সাইদ খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ছিলো অগাস্ট/সেপ্টেম্বর মাসের এক দিন। একটা অপারেশনের পর ইস্কাটনের একটি বাড়িতে ঘুমাচ্ছিলেন কাজী কামাল। সেই অবস্থায় তার রুমে দুইজন অফিসারসহ তিন চারজন পাকিস্তানি সেনা তাকে ঘিরে ফেলে। “ও চিন্তা করলো মরতে তো হবেই। তো লড়ে দেখি। ও দেখলো চাইনিজ অটোমেটিক স্টেনগান নিয়ে একজন সেনা ওর সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছে। সেই অবস্থায় কাজী ক্ষীপ্র গতিতে ওই অস্ত্রটি কেড়ে নিয়ে গুলি চালায়। একাই দুইজন অফিসার ও সেনাদের মেরে সম্পূর্ণ দিগম্বর অবস্থায় ও বেরিয়ে আসে এবং পাশের বাড়ির ঘনিষ্ট সহযোদ্ধা হাবিবুল আলমকে নিয়ে বেরিয়ে যায়।” ওই রাতে পাকিস্তানি আর্মিদের হাতে ধরা পড়েন ক্র্যাক প্লাটুনের সদস্য গেরিলা আজাদ, জুয়েল ও বদি। তাদের আর পাওয়া যায়নি, জানান আবু সাইদ। ‘ ঢাকায় পাকিস্তানি আর্মিদের মধ্যে ত্রাস’ প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম কামাল উদ্দিনকে ‘র্দুর্ধষ’ মুক্তিযোদ্ধা হিসাবে আখ্যায়িত করে বলেন, “কামাল উদ্দিন ও তার দলের গেরিলারা সর্বপ্রথম ঢাকার পাকিস্তানি আর্মিদের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিলো। সেসময় হোটেল ইন্টার কন্টিনেন্টাল অপারেশন, ফার্মগেট অপারেশন, কাঁচপুর অপারেশনসহ বিভিন্ন অপারেশনে কামাল উদ্দিন তার সাহস ও বীরত্বের চূড়ান্ত নিদর্শন রেখেছিলো।” “এমনকি ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পরও ওর ওপর আক্রমণ হয়,” যোগ করেন তিনি। এ বিষয়ে ক্র্যাক প্লাটুনের আরেক সদস্য মকবুল ই ইলাহী বলেন, “১৯৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরদিন তিনি আবার একবার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে আসেন। ওনাকে ঢাকা স্টেডিয়াম থেকে কয়েকজন সেনা সদস্য হত্যা করতে রামপুরা টিভি স্টেশনের ঝিলের পাড়ে নিয়ে আসে। সেদিন ওই ঝিলপাড়ে আরো তিনজনকে হত্যা করা হয়। কিন্তু আরও একবার তিনি বন্দুকের মুখ থেকেই ঝিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পান।” এরপর থেকে কামাল উদ্দিন দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বলে জানান তিনি। মশগুল আরো বলেন, “তার এই বীরত্বগাঁথা শুধু লোকমুখেই নয় বরং তা গল্প উপন্যাসের বিষয়বস্তুও। জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ এবং আনিসুল হকের উপন্যাস ‘মা’ এর চরিত্র তিনি।” আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, “সম্মুখ যুদ্ধে তার ক্ষীপ্রতা এবং কৌশল ছিলো সর্বজনবিদিত।” কামাল উদ্দিন প্রসঙ্গে এমনই বীরত্ব এবং সাহসিকতাপূর্ণ অভিযানের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২০৫৬ ঘ.