২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্টরের পদত্যাগের পর ক্লাসে ফিরছে জাবি শিক্ষকরা

প্রক্টর আরজু মিয়ার পদত্যাগের পর ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রক্টর আরজু মিয়ার পদত্যাগের পর ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জুবায়ের আহমেদ হত্যাকাণ্ড এবং এরপর শিক্ষক সমিতির সভাপতি এম এ মামুন লাঞ্ছিত হওয়ার পর গত ১৩ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে আসছিল ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে এই শিক্ষকরা। সোমবার সকালে প্রক্টর পদত্যাগ করলে দুপুরে শিক্ষকদের এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার থেকে ক্লাস নেওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। তবে আন্দোলনকারীদের অন্যতম দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রেণী কক্ষে ফিরলেও ৬ দফা দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।” সংবাদ সম্মেলনে ছয়টি দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। দাবির মধ্যে রয়েছে- জুবায়েরের হত্যার রাষ্ট্রীয় আইনে বিচার এবং প্রশাসনের পক্ষ থেকে জুবায়েরের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, দায়িত্বে অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ, শিক্ষককে লাঞ্ছিত করায় অধ্যাপক আরজু মিয়ার বিচার, অযোগ্য শিক্ষকদের নিয়োগ বাতিল এবং উপাচার্য নির্বাচন। গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ‘মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগকর্মীদের হামলায় আহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের। পর দিন মারা যান তিনি। হত্যাকারীর বিচার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সদস্যদের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ‘সচেতন শিক্ষক সমাজ’। এরপর গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বৈঠকের এক পর্যায়ে অধ্যাপক মামুনকে লাঞ্ছিত করেন প্রক্টর আরজু মিয়া। এরপর আরজু মিয়ার পদত্যাগসহ অন্যান্য দাবিতে ক্লাস বর্জন শুরু করেন শিক্ষকরা। সংবাদ সম্মেলনে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি এম এ মামুন, সম্পাদক মো. শরিফ উদ্দিন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আব্দুল মতিন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯৩২ ঘ.