ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির দণ্ড বাতিল এবং এ ঘটনায় এক র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
লেফটেন্যান্ট পদমর্যাদার মো. ফিরোজ খান নামের ওই র্যাব সদস্যের বিরুদ্ধে সোমবার আদালত এ আদেশ দেয় অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি মো. দোলনের আপিলের ভিত্তিতে।
দোলনকে মামলা দায়ের ও থানায় নেওয়ার আগে অবৈধভাবে ২৭ ঘণ্টা আটকে রাখার অভিযোগ রয়েছে ফিরোজের বিরুদ্ধে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত।
সোমবার আপিল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে দোলনের দণ্ডও বাতিল করে আদালত।
দোলনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রানা কাউসার। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুন।
সাংবাদিকদের রানা বলেন, ২০০৪ সালের ৫ অক্টোবর র্যাব কর্মকর্তা ফিরোজ খান দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জের আদমজী এলাকা থেকে অস্ত্রসহ মো. দোলনকে গ্রেপ্তার করেন। পরদিন বিকাল ৩টা ১৫ মিনিটে তাকে ফতুল্লা থানায় নিয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।
ফিরোজ ওই সময় র্যাব-৩ (নারায়াণগঞ্জ) এ কর্মরত ছিলেন।
রানা বলেন, এই ঘটনায় আসামিকে গ্রেপ্তারের ২৭ ঘণ্টা পর থানায় এবং ৪৮ ঘণ্টার পর আদালতে হাজির করা হয়েছিল।
পরের বছর ১৪ জুলাই বিশেষ ট্রাইব্যুনাল-৭ ওই মামলায় দোলনকে ১০ বছরের কারাদণ্ড দেয় উল্লেখ করে এ আইনজীবী বলেন, এই রায়ের বিরুদ্ধে তিনি ওই বছরই হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আজ রায় এল।
রানা বলেন, দোলন ছয় বছর কারাভোগ করেছেন। ২০১০ সালের ১৯ অগাস্ট হাই কোর্ট থেকে জামিন নিয়ে তিনি কারাগার থেকে মুক্তি পান।
সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুন বলেন, আইন অনুযায়ী গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করতে হয়। কিন্তু দোলনকে গ্রেপ্তারের ২৭ ঘণ্টা পরে থানায় ও ৪৮ ঘন্টার বেশি সময় পর আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯২০ ঘ.
bdnews24