২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইডি কর্মকর্তাদের প্রশিক্ষণে ফরেনসিক ইন্সটিটিউট

রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সব স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণে চালু হলো আন্তর্জাতিক মানের ফরেনসিক ট্রেইনিং ইনস্টিটিউট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সব স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণে চালু হলো আন্তর্জাতিক মানের ফরেনসিক ট্রেইনিং ইনস্টিটিউট। ইন্সটিটিউটে ১১টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোর্সের মেয়াদ তিন দিন, তিন মাস, ছয় মাস, ১০ মাস ও সর্বোচ্চ এক বছর। কোর্সগুলো হলো- হস্তলেখা বিশারদ প্রশিক্ষণ, ফরেনসিক ফটোগ্রাফি বিশারদ প্রশিক্ষণ, ফরেনসিক ব্যালাস্টিক বিশারদ প্রশিক্ষণ, আঙুলের ছাপ বিশারদ প্রশিক্ষণ, জাল নোট ও মেকি মুদ্রা সংক্রান্ত প্রশিক্ষণ, ফরেনসিক অনুবিশ্লেষণ প্রশিক্ষণ, পায়ের ছাপ বিষয়ক প্রশিক্ষণ, ফরেনসিক-রাসায়নিক প্রশিক্ষণ, ক্রাইম সিন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ, মৌলিক কম্পিউটার কোর্স এবং জাল জালিয়াতি মামলার তদন্ত পদ্ধতি প্রশিক্ষণ কোর্স। শেষ কোর্সটির মেয়াদ তিন দিন। মাঠ পর্যায়ের কর্মী ও তদন্তকারী অফিসাররা স্বল্পমেয়াদি এই কোর্স করার সুযোগ পাবেন। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সোমবার এ ইন্সটিটিউট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এদিন একটি ফরেনসিক ডিএনএ গবেষণাগার প্রতিষ্ঠার কাজও শুরু হয়। পুলিশের ফরেনসিক বিষয়ে সুযোগ বৃদ্ধি করা, ফরেনসিক বিশারদদের মতামত দেওয়ায় দক্ষতা এবং তদন্ত কর্মকর্তাদের বিজ্ঞানভিত্তিক তদন্তে পেশাগতমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা ইন্সটিটিউটের লক্ষ্য বলে উদ্বোধনী বক্তব্যে বলেন পুলিশ মহাপরিদর্শক। এর আগে চট্টগ্রামে এ ধরণের ফরেনসিক ট্রেইনিং ইন্সটিটিউট করা হয়। খুলনায়ও ফরেনসিক ট্রেইনিং ইন্সটিটিউট ও ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপন করা হবে বলে উল্লেখ করেন হাসান মাহমুদ খন্দকার। এ সময় তিনি জেলা পর্যায়ের সিআইডি কর্মকর্তাদের কাজের প্রশংসা করেন অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডমিন) একেএম শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/১৮৩১ ঘ.