ঝালকাঠী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের করা মামলায় গুলিতে পা হারানো ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেন সোমবার আদালতে হাজিরা দিয়েছেন।
গত বছরের ২৩ মার্চ র্যাব বাদী হয়ে লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঝালকাঠীর রাজাপুর থানায় দুটি মামলা করে।
সোমবার ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলাটিতে লিমন হাজিরা দিয়েছেন বলে জানান তার আইনজীবী আইনজীবী মানিক আচার্য্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশ ১০ মাসেও মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। আগামী ২৭ মার্চ প্রতিবেদন দাখিলে হাকিম নুসরাত জাহান পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এই মামলায় লিমন এ পর্যন্ত ছয়বার হাজিরা দিয়েছেন।
এদিকে, মামলার দু’টির তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, মামলাটির তদন্ত কাজ চলছে।
অন্যটির তদন্ত প্রতিবেদন গত বছরের ২৪ জুলাই আদালতে দাখিল করা হয়েছে।
গত বছরের ২৩ মার্চ র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হয় লিমন। লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। এ ঘটনাটি তখন সারাদেশে আলোচিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৫৬ ঘ.
bdnews24