ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএম কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক হিসাবে নিয়োগে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ হাইকোর্ট স্থগিত করায় পত্রিকাটি মঙ্গলবার থেকেই প্রকাশের ঘোষণা দিয়েছেন নাঈমুল ইসলাম খান।
আমাদের সময়ের সাবেক সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলামের একটি রিট আবেদনে কল্লোলকে প্রকাশক নিয়োগ দিয়ে ঢাকা জেলা ম্যাজিস্টেটের আদেশ সোমবার এক মাসের জন্য স্থগিত করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।
আদালত একইসঙ্গে গত ২৮ সেপ্টেম্বর দেওয়া জেলা ম্যাজিস্টেট্রের আদেশ (নাঈমুলকে বাদ দিয়ে কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক করা) কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়েছে।
আগামী ১২ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক), তথ্য সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের মহাপরিচালক ও এম এম কল্লোলকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের পর নাঈমুল ইসলামের আইনজীবী আখতার ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর ফলে এস এম কল্লোল আমাদের সময়ের প্রকাশক হিসাবে থাকছেন না। ফলে নাঈমুল ইসলাম খানই আমাদের সময়ের প্রকাশক হয়ে গেলেন।
নাঈমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আবার পত্রিকা বের করব। কাল থেকেই পত্রিকা বাজারে আসবে।”
তবে কল্লোলের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আদেশের ফলে এসএম কল্লোলের প্রকাশক হিসাবে থাকছেন না ঠিক, তবে নাঈমুল ইসলামও প্রকাশক হয়ে যাননি।
আইনগতভাবে নাঈমুল ইসলাম খান প্রকাশক হিসাবে পত্রিকা বের করতে পারবেন কি না- জানতে চাওয়া হলে রোকন বলেন, “পত্রিকার মালিক নিয়ে কিন্তু কিছু হয়নি। পত্রিকাটি নিউ ভিশনের। নাঈমুল ইসলাম ওই কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছেন। সুতরাং তিনি ওই কোম্পানির পক্ষে পত্রিকা বের করতে পারবেন না।”
আমাদের সময় পত্রিকাটি নাঈমুল ইসলামই প্রথম প্রকাশ করেছিলেন। বিক্রির ক্ষেত্রে দুই টাকার এই দৈনিক শুরুতেই বেশ সাড়া ফেলে। বর্তমানে পত্রিকাটি মোজাম্মেল হোসেন মঞ্জুর সম্পাদনায় প্রকাশ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24