২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পিস্তলটি পাওয়া গেল জুতার বাক্সে

রাজধানীতে জামায়াতে ইসলামীর কর্মীদের হাতে মারধরের শিকার এক পুলিশ কর্মকর্তার খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে জামায়াতে ইসলামীর কর্মীদের হাতে মারধরের শিকার এক পুলিশ কর্মকর্তার খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে বাটা জুতার একটি বাক্সে পিস্তল ও আট রাউন্ড গুলি পাওয়া যায়। যাত্রাবাড়ী থানা পুলিশ সেগুলো উদ্ধার করেছে।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পরদিন দৈনিক বাংলা মোড়ে একটি পুলিশ ভ্যানে ভাংচুর ও দুই কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্যকে মারধর করে জামায়াতকর্মীরা। ওই সময় এক কর্মকর্তার কাছে থাকা একটি পিস্তল ও আট রাউন্ড গুলি খোয়া যায়। ভাংচুর ও পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার ছয় জনের নাম উল্লেখসহ চার থেকে পাঁচশ ব্যক্তিকে আসামি করে মতিঝিল থানায় দুটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/কেটি/আরএ/১৫৪৫ ঘ.