ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আবেদনে তাকে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে কি না সে বিষয়ে আগামী সোমবার আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ১২ জানুয়ারি একটি আবেদনে কাদের মোল্লার আইনজীবী বলেন, এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে অভিযোগের যে নথি প্রসিকিউশন সরবরাহ করেছে, তাতে তদন্ত প্রতিবেদন নেই। এ পিটিশনের বিষয়ে শুনানির জন্য সোমবার দিন রাখে আদালত।
সোমবার এ বিষয়ে শুনানিতে জানানো হয়, এ পর্যন্ত আর কোনো আসামিকে তদন্ত প্রতিবেদন সরবরাহ করা হয়নি।
ট্রাইব্যুনাল শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য করে।
জামায়াতের এ নেতার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১ নভেম্বর কাদের মোল¬ার বিরুদ্ধে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে।
মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে।
কেরানীগঞ্জের শহীদনগরে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদের বাড়িসহ দুটি গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাতেও অংশ নেন কাদের মোল্লা। এ সময় নিজামী, মুজাহিদ ও কামারুজ্জামানও তাকে সহায়তা করেছিলেন।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
কাদের মোল্লা ছাড়াও জামায়াত ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এবং সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/জেকে/১৪৫১ ঘ.
bdnews24