২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে শিবিরের ধর্মঘটে বাস ভাঙচুর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ভাঙচুর করেছে ধর্মঘট সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ভাঙচুর করেছে ধর্মঘট সমর্থকরা। এ সময় মোজাম্মেল হোসেন জামিল নামে ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এক শিক্ষার্থী আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহায়ক কর্মচারী পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বাস চালক মো. জিলাল উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে নগরীর টিলাগড় থেকে বিশ্ববিদ্যালয়গামী ছাত্রদের একটি বাস ছেড়ে আসার সময় সাদীপুর এলাকায় শিবিরের নেতাকর্মীদের ছোড়া পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে যায়।” প্রায় একই সময় নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইরোড ও পাটানটোলা এলাকায় বিশ্ববিদ্যালয়গামী দুটি বাসে ঢিল ছোড়ে শিবিরকর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গামী আরো তিনটি বাসের চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবশ্য বাস ভাঙচুরের কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি আ জ ম মোজাহিদ রুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস ভাঙচুরের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে, সকালে ভাঙচুরের পর দুপুর ১২টা ১০ মিনিটে পুলিশী প্রহড়ায় বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একটি বাস নগরীর উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। প্রক্টর হিমাদ্রি শেখর রায় বলেন, “দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বাস ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪১৬ ঘ.