মৌলভীবাজার, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইক্রোবাস ছিনতাই করার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শ্রীমঙ্গল থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪০) ও সোহেল মাহমুদকে (৩৫) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের আহমদাবাদ গ্রামের তারেক আহমদ (২৫), আকবর আলী (২৬), সিলেটের বিশ্বনাথের বাইশঘর গ্রামের সোহেল আহমদ (২২), শ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম (২৮), মৌলভীবাজার সদরের আথানগিরি গ্রামের আব্দুল হান্নান (৩৫), রজব আলী (২৫) এবং ময়মনসিংহের রঘুরামপুর গ্রামের নিলুফা আক্তার (২০)।
রাত ৮টায় শ্রীমঙ্গল থানায় মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, বিকাল ৫টার দিকে নিলুফাকে নিয়ে তারেক, আকবর ও সোহেল নোয়াহ ব্রান্ডের মাইক্রোবাসটি শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানে নিয়ে যায়। বাগানের ভেতর কিছুদূর যাওয়ার পর গাড়ি থামিয়ে সাইফুল, হান্নান ও রজবকে তোলে।
এরপর তারা চালক দিলু হোসেনকে (৩৪) মারধর করে মুখ ও হাত-পা বেঁধে রাস্তার পাশে চা বাগানের ভেতর ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিল।
এদিকে গোপন সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন পুলিশ ফোর্স নিয়ে ধাওয়া করে শ্রীমঙ্গল উপজেলা সদরের কালিঘাট রোডের মোড়ে তাদের গ্রেপ্তার করেন।
এ সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। ধস্তাধস্তিতে এসআই জাহাঙ্গীর ও সোহেল আহত হন।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
চালক দিলু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেটের নয়াপুল স্ট্যান্ড থেকে শ্রীমঙ্গল বেড়ানোর জন্য শনিবার বিকালে তারেক ৫ হাজার টাকায় তার গাড়িটি ভাড়া করে।
তাকে ফেলে গাড়ি নিয়ে পালানোর পর চা বাগানের এক চৌকিদার তার বাঁধন খুলে দিলে স্থানীয়দের সহায়তায় তিনি বিষয়টি থানায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24