২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খনক দুই বছর পর আবার সচল

বিদেশি জাহাজের সঙ্গে সংঘর্ষের ২৬ মাস পর চ্যানেলে খনন কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিজস্ব ড্রেজার এম ডি খনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি জাহাজের সঙ্গে সংঘর্ষের ২৬ মাস পর চ্যানেলে খনন কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিজস্ব ড্রেজার এম ডি খনক। মেরামত শেষে মঙ্গলবার সকালে বন্দরের কাছে আনুষ্ঠানিকভাবে খনককে হস্তান্তর করবে মেরামতকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড। দেশীয় প্রতিষ্ঠানটি ২০১০ সালের ১ জুন ড্রেজার খনক মেরামতে কার্যাদেশ পেয়ে দেড় বছরে ৪৯ কোটি টাকা ব্যয়ে তা ব্যবহার উপযোগী করে তোলে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১২টায় বন্দরের ১ নম্বর জেটিতে খনককে হস্তান্তর করা হবে। বন্দর চেয়ারম্যান কমডোর এম. আনোয়ারুল ইসলাম উপস্থিত থাকবেন। তিনি জানান, ইতিমধ্যে ড্রেজারটি কর্ণফুলী নদীতে পরীক্ষামূলক খনন কাজ চালিয়েছে। আনুষ্ঠানিক হস্তান্তরের পর তা পুরোদমে খনন শুরু করবে। ২০০৯ সালের ২১ অক্টোবর বন্দরের বহির্নোঙ্গরে গ্রিন বয়ার কাছে খনন কার্যক্রম পরিচালনার সময় বন্দরের বিশেষায়িত একমাত্র ড্রেজার এমডি খনককে পানামার পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি সিইউ ইউটোপিয়া ধাক্কা মারে। এ সময় খনকের সামনের অংশের তলদেশ ফুটো হয়ে পানি ঢুকে একপাশ কাত হয়ে যায়। পরে বন্দরের চারটি টাগবোট খনককে টেনে তীরে নিয়ে আসে। তবে লবণাক্ত পানির কারণে এর ইঞ্জিন ও অটোমেশন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফিনল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, সিঙ্গাপুর, ইউএই এবং জার্মান প্রকৌশলীদের তত্ত্বাবধানে ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেসের স্থানীয় প্রকৌশলীরা ২৫০০ কিউবিক মিটার ক্ষমতা সম্পন্ন বিশেষায়িত ড্রেজারটি মেরামত করে ব্যবহার উপযোগী করে তোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯২১ ঘ.