ঝালকাঠী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক বিরোধের জের ধরে ঝালকাঠীতে র্যাব পরিচয় দিয়ে এক শিক্ষককে অপহরণের অভিযোগে এক সেনাসদস্যকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটক করা হয়েছে তার সঙ্গী আরো তিন জনকে।
শনিবার রাতে সদর উপজেলার নৈকাঠি গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. ফজলুল হককে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় সেনাসদস্য আলতাব হোসেন (৩৫) ধরা পড়েন।
সদর থানার ওসি শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলতাব সাভার ক্যান্টনমেন্টে সার্জেন্ট পদে কর্মরত। ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
আলতাব বরগুনার আমতলী উপজেলার থাকদান গ্রামের ইউনুস আকন্দের ছেলে।
আটক অন্য তিন জন হলেন- মনির (৩০), রুহুল আমিন (৬০) ও তার ছেলে নুরুল্লাহ (৩২)। তাদের বাড়িও একই উপজেলায়। এরা পরস্পরের আত্মীয়।
ফজলুল হক জানান, রাত ৯টার দিকে ছয় ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে নৈকাঠি গ্রামের মাদ্রাসার কাছ থেকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যেতে চায়।
“ওই সময় আমার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে মাইক্রোবাসসহ চার জনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়,” বলেন তিনি।
ফজলুল জানান, রুহুল আমিনের মেয়ে ফাতেমার (২৪) সঙ্গে ১৯৯৯ সালে তার বিয়ে হয়। দেড় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে।
বিরোধের কারণে শ্বশুর তাকে অপহরণের চেষ্টা করেছিল বলে দাবি তার।
ফজলুর অভিযোগ দিলে আটক চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০ ঘ.
bdnews24