নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প ও লোকজ উৎসব মেলা শুরু হয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে (সোনারগাঁও যাদুঘর) শনিবার মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যাদুঘরসহ এলাকার প্রাচীন ঐতিহ্য বিদেশিদের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এজন্য ২০টি দেশের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি বিনিময় চুক্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি তাদের কাছে তুলে ধরা হচ্ছে।
ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুল্ল¬াহ আল কায়সার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মাহবুবুল ইসলাম, সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া।
মেলায় কারুপণ্যের ১৬৭টি স্টল স্থান পেয়েছে। পাশাপাশি লোকজ মঞ্চে প্রতিদিন বাউলগান, কবিগান, পালাগান, জারি-সারি-ভাটিয়ালি-ভাওয়াইয়াসহ বিভিন্ন অনুষ্ঠান হবে।
এছাড়াও মেলায় দেশের বিলুপ্তপ্রায় লোকজ জীবনের বিভিন্ন দৃশ্যাবলী প্রদর্শন করা হবে বলে জানান আয়োজকরা।
আগামী ১২ ফেব্র“য়ারি পর্যন্ত প্র্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৯ ঘ.
bdnews24