ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
লেখকের ঘনিষ্ঠজন এবং প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১০ জানুয়ারি এ সংক্রান্ত নিয়োগপত্র পেয়েছেন হুমায়ূন আহমেদ।”
বৃহদান্ত্রের ক্যান্সারের জন্য চার মাস আগে যুক্তরাষ্ট্রে যান জনপ্রিয় এই ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা। তার সঙ্গে মাজহারুলও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে জানান মাজহারুল।
তিনি বলেন, “ইতোমধ্যে তার সাতটি কেমোথেরাপি নেওয়া শেষ হয়েছে। আর মাত্র একটি কেমোথেরাপি তাকে নিতে হবে।”
আগামী ১৯ জানুয়ারি হুমায়ূনকে শেষ কেমোথেরাপি দেওয়া শুরু হবে বলে জানান মাজহার।
বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন। নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২৩৩৫ ঘ.
bdnews24