২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভুয়া র‌্যাবসহ গ্রেপ্তার ১৪

সাভারে পৃথক অভিযান চালিয়ে একজন ভুয়া র‌্যাবসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা হয় র‌্যাবের জ্যাকেট, হাতকড়া ও বিভিন্ন অস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 05:29 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

সাভার, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পৃথক অভিযান চালিয়ে একজন ভুয়া র‌্যাবসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা হয় র‌্যাবের জ্যাকেট, হাতকড়া ও বিভিন্ন অস্ত্র। সাভার ও আশুলিয়া থানায় বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১টার দিকে আশুলিয়ার মির্জানগর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সন্ত্রাসী কর্মকা- পরিচালনার জন্য একটি বাড়িতে বসে পরিকল্পনা করছিল। এরা হলেন আশুলিয়ার নিরিবিলি এলাকার রাসেল দেওয়ান (২৮), মো. রিপন (২৫), মো. আলম (২৬), মো. বাবু (১৮), নুরুল ইসলাম (২৮), সাভারের সবুজবাগ এলাকার মো. মনিরুজ্জামান ওরফে অপল (২০), আশুলিয়ার সুজয় কুমার সিংহ (২৮), মো. সুমন (২৬), সাভারের টিয়াবাড়ীর নাজমুল হক (২৭), কাঁঠালবাগানের মো. রনি (২৬), ডেন্ডাবরের মাসুম আনোয়ার (২৬), আব্দুল মান্নান (৩২), মানিকগঞ্জের হরিরামপুরের তোতা মোল্লা (৪৫)। পরে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় বিভিন্ন অস্ত্রসস্ত্র। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, তিনটি রামদা, ছয়টি ছোরা, দুই বোতল বিদেশি মদ, দুই ক্যান বিয়ার ও চার বোতল ফেন্সিডিল একটি লোহার চেইন। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে তারা সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, নারী ধর্ষণ, খুন ও ডাকাতি করে আসছে, বলেন মেজর আরিফুর রহমান। র‌্যাব কর্মকর্তা আরো বলেন, রাসেল দেওয়ানের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় চারটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। মেজর আরিফুর রহমান আরো বলেন, এর আগে রাত সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে ভুয়া র‌্যাব সদস্য জিয়াউর রহমানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমানের বাড়ি খুলনার কয়রা উপজেলার ইসলামপুর এলাকায়। পরে তার হেফাজত থেকে র‌্যাবের একটি জ্যাকেট ও একটি হাতকড়া উদ্ধার করা হয়। জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাভারের বিভিন্ন এলাকায় হোটেল, রেস্টুরেন্ট, বেকারি ও ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। এ দুই ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.