ভোলা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় মেঘনা উপকূলে পৃথক দু’টি অভিযানে অস্ত্রসহ দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে চর জহির উদ্দিন ও রগ কাটার খাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি পাইপগান উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার দু’জন হলেন- বোরহানউদ্দিনের মলংচড়া ইউনিয়নের চর জহির উদ্দিনের মো. খালেক (৩০) ও তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মো. লোকমান (২৫)।
তজুমদ্দিন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বরেন, জলদস্যু দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল দুপুর আড়াইটার দিকে চর জহির উদ্দিনের কেওড়াবন এলাকা থেকে একটি পাইপগানসহ লোকমানকে গ্রেপ্তার করে।
“লোকমান মেঘনার জলদস্যু ফোরকান বানিহীর সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন বলেন, মেঘনার রগ কাটার খাল এলাকায় থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন মো. খালেক। খালেকের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24