২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ছাত্র হত্যার বিচার চেয়ে মানববন্ধন

ছাত্রলীগকর্মীদের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হওয়ার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 03:24 PM

Updated : 25 Apr 2022, 08:55 PM

শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ডাকা এই কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলও সংহতি প্রকাশ করে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি ঢাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি, ইস্ট ওয়েস্ট ও আশা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষক-শিক্ষার্থীও অংশ নেন।

সাবেক শিক্ষার্থীদের এ কর্মসূচিতে জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্ত, রাষ্ট্রীয় আইনে হত্যাকারীদের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবি জানানো হয়।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসের আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কখনো ছাত্রলীগ, কখনো ছাত্রদল কিংবা কখনো ছাত্র শিবিরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে আধিপত্য ধরে রাখার চেষ্টা চালানো হচ্ছে। শুধু সাধারণ শিক্ষার্থীদের সমন্বিত আন্দোলনই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে।”

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি জোনায়েদ সাকি বলেন, “জুবায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সরকারেরই পেটোয়া বাহিনী এ বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আমরা সবাই জুবায়েরসহ অন্যান্য ক্যাম্পাসের হত্যাকাণ্ডের বিচার চাই।”

গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একদল কর্মী কুপিয়ে আহত করে ওই সংগঠনেরই কর্মী ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়েরকে। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় জড়িত অভিযোগে এ পর্যন্ত দুই ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া তিন ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দাবি করেছে, জাহাঙ্গীরনগরে তাদের কার্যক্রম স্থগিত রয়েছে, যদিও ছাত্রলীগের নামে বিভিন্ন সভা-সমাবেশ-মিছিল ওই বিশ্ববিদ্যালয়ে ছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বলেন, “ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দাবি করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো কমিটি নেই। এটি প্রহসন মূলক। সব বিশ্ববিদ্যালয়ের তাদের নেতাকর্মী আছে। জুবায়েরকে হত্যাকারী ছাত্রলীগের এ অংশটির ওপর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণ না থাকলেও উপাচার্য তাদের নিয়ন্ত্রণ করেন।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোকন সিদ্দিকী এ ঘটনায় উপাচার্যের সমালোচনা করে অবিলম্বে প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারুক ওয়াসিফ বলেন, “সরকার থেকে ক্যাম্পাস পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, হত্যা না করলে নেতা হওয়া যায় না। এ অপরাজনীতির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। জাহাঙ্গীরনগরে কখনো হত্যাকারীদের ঠাঁই হয়নি, ধর্ষকদের ঠাঁই হয়নি, এখনো হবে না।”

সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামসাদ মর্তুজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন খন্দকার, মাসউদ ইমরান এবং সিনেট সদস্য আবুল কালাম আজাদ, মাসুম আলী, আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লুনা নূর প্রমুখ সংহতি জানিয়ে বক্তব্য দেন।