সিলেট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গনে ১৭টি দোকান তলিয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে আরো ৩০-৩৫টি।
শুক্রবার বিকালে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের এই দোকানগুলো হঠাৎ নদীগর্ভে চলে যায় বলে জানিয়েছেন বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক মাশার আহমদ শাহ।
তিনি জানান, কুশিয়ারা নদীর ভাঙ্গনে বাজারের স্টেশনারি, পোল্টি ফার্ম, মুদি দোকানের মালামালসহ ১৭টি দোকান নদীগর্ভে চলে গেছে।এছাড়া আরো ৩০-৩৫টি দোকান ঝুঁকির মধ্যে রয়েছে।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান মাশার আহমদ।
ঘটনার পরপরই ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান ঘটনাস্থলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24