চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কাটার সময় সীতাকুণ্ডে চার জনকে গ্রেপ্তার করেছে পরিবেশ অধিদপ্তর।
র্যাবের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরী পাড়ায় একটি পাহাড় কাটার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- স্থানীয় বাসিন্দা শওকত হোসেন (২৩), মোরশেদ আলম (২৪) এবং ট্রাক চালক শেখ আলম (২৫) ও হারুন উর রশিদ (৪৫)।
ওই স্থান থেকে মাটিভর্তি দুটি ট্রাক, পাহাড় কাটার দুটি এস্কেভেটর ও একটি মটর সাইকেলও আটক করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়বকুণ্ডের এস কে জুট মিলের পেছনে ফকিরা কানাল নামক পাহাড় কেটে ট্রাকে মাটি ভরার সময় র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।
পরে তাদের সীতাকুণ্ড থানায় তুলে দেওয়া হয় বলে জানান সাইফুল আশ্রাব।
তিনি জানান, গত ১৫-২০ দিন ধরে দশ একর আয়তন এবং ৫০ ফুট উচ্চতার পাহাড়টি কেটে সমতল করা হচ্ছিল। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে এলে বৃহস্পতিবার অভিযান চালানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার চার জনসহ পাহাড়ের মালিক খায়রুল বশর চৌধুরী এবং তার ছেলে রফিকুল আনোয়ারের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭২০ ঘ.
bdnews24