গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মালেকা বানু জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নার্গিস আক্তার (২৪) গাজীপুর সদরের ইসলামপুর এলাকার নর্পনিট কারখানায় অপারেটরের কাজ করতেন। তিনি চাঁদপুরের কচুয়া থানার বাইছাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
এসআই মালেকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ভোরে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক নার্গিসকে চাপা দিয়ে পালিয়ে যায়।”
পরিবারের আবেদনে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬০১ ঘ.
bdnews24