মুন্সীগঞ্জ/রাজবাড়ী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে দেশের প্রধান দুই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।
মাওয়া-কাওড়াকান্দি নৌ পথে ৬ ঘণ্টা এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুই দফায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়ার উন্নতি হয়ে চলাচল আবার শুরু হয় শুক্রবার সকাল ৯টায়।
এই ৬ ঘণ্টা মাঝ পদ্মায় আটকা পড়ে ফেরি ভাষা শহীদ বরকত, কাবেরী ও রানীগঞ্জ।
একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে দুই দফায় সাত ঘণ্টা। প্রথম দফায় রাত সাড়ে ১২টায় পারাপার বন্ধের পর ভোর পাঁচটার দিকে ফেরি চালু হয়।
কিন্তু দৃষ্টিসীমা আবারো কমে এলে এর এক ঘণ্টার মাথায় ফেরি চলাচল আবারো বন্ধ করে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক তানভীর আহমেদ।
এই সময় নদীর দুই ঘাটে এবং মাঝ নদীতে ১০টি ফেরি যানবাহন বোঝাই করে পারাপারের অপেক্ষায় থাকে।
কুয়াশা কমে এলে সকাল ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল আবার শুরু হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় ঘাটগুলোতে সৃষ্টি হয় অপেক্ষমান যানবাহনের দীর্ঘ জট। শীতের মধ্যে যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১৮ ঘ.
bdnews24