আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া নিরাপত্তার মধ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুক্রবার শুরু হয়েছে। গতবারের মতো এবারো দুই পর্যায়ে ইজতেমা হচ্ছে।
ইজতেমার প্রথম পর্যায়ের শুরুর দিন দুপুরে জুমার নামাজে অংশ নেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ টঙ্গীর আশপাশের লাখো মানুষ।
এর আগে ফজরের নামাজের পর পাকিস্তানের হাজী আব্দুল ওয়াহাব’র বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে রোববার। প্রথম পর্বে অংশ নিচ্ছে ৩২টি জেলার মুসল্লিরা।
চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় দফা। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মিলন।
ইজতেমা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ইজতেমা ময়দান পরিদর্শন করে নিরাপত্তার বন্দোবস্তের খবর নিয়েছেন। মুসলিম জাহানের শান্তি কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
জুমার নামাজ অনুষ্ঠিত
দুপুর দেড়টায় জুমার নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের। ইজতেমায় আসা মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার হাজার-হাজার মানুষ ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই ইজতেমা মাঠে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে অনেকে মহাসড়ক ও অলিগলিতে নামাজে শরিক হন।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, ধর্ম-প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান জুমার নামাজে অংশ নেন।
প্রথমদিন বয়ান করেছেন বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওয়াহাব, বাদ জু’মা মো. হোসেন, বাদ আছর-ভারতের মাওলানা জোবায়েরুল হাসান এবং বাদ মাগরিব ভারতের মাওলানা সা’দ।
প্রথম দিনের বয়ান
বয়ানে বলা হয় গরীরেব জন্য ঈদের নামাজের চেয়ে অতি উত্তম ইবাদত হলো শুক্রবারের জুমার নামাজ। এদিনে আল্লাহ্র কাছে যা চাইবে, আল্লাহ তা তাকে দেবেন। এ নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জুমার নামাজ আদায়ের লক্ষ্যে গোসল-ওজু করে মসজিদের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তার নেকী লেখা হয়। আমরা যা করবো আল্লাহকে রাজি করার জন্য করবো। আল্লাহ পাকের হুকুম মতো আমরা যেন সারা জীবন চলতে পারি সে চেষ্টা করতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে দেশে ও সারা দুনিয়ায় মানুষের মাঝে দীন কায়েম করার জন্য ছড়িয়ে পড়তে হবে।
বয়ানের তাৎক্ষণিক অনুবাদ
বিশ্ব ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের ১৫-২০ জন শুরা সদস্য ও বুজর্গ বয়ান পেশ করবেন। মূল বয়ান উর্দূতে হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাৎক্ষণিকভাবে অনুবাদ হয়। বিভিন্ন ভাষাভাষী মুসল্লিরা আলাদা আলাদা বসেন এবং তাদের মধ্যে একজন মুরুব্বী মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শোনান।
ইজতেমার সাত মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে সাত মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচির মামুদ গ্রামের হাবিবুর রহমান (৭০), চট্টগ্রামের সাতকানিয়ার কাগরিয়া গ্রামের নজীব উল্লাহ (৬০), ফেনীর মো. মোস্তফা (৬০), মাদারীপুরের রতন সরকার (৫০), হবিগঞ্জের আব্দুল গফুর খান (৫৫) ও কুষ্টিয়ার দৌলতপুরের বাহমাদ্দি গ্রামের আলিম উদ্দিন সরকার (৭০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়া কান্দি গ্রামের আ. জলিল (৫৫)।
শুক্রবার বাদ ফজর ও বাদ জুমা তাদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
হেলিকপ্টার টহল
বিকাল থেকে শুরু হয়েছে র্যাবের হেলিকপ্টার টহল। একটি হেলিকপ্টার পুরো ইজতেমাস্থল ও আশপাশের এলাকায় চক্কর দিতে দেখা গেছে। এভাবে চলবে আরো দুইদন।
র্যাবের উপ-পরিচালক নিশাদুল ইসলাম বলেন, তুরাগ নদীতে গত দু’দিন ধরেই চলছে নৌ-টহল। আর আকাশপথে শুক্রবার থেকে শুরু হয়েছে হেলিকপ্টার টহল। ইজতেমার প্রথম দফার তিনদিনই তা চলবে।
টঙ্গী হাসপাতালে চিকিৎসা
টঙ্গী হাসপাতালে ৭৮ জন মুসল্লি চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শ্বাসকষ্ট ও হৃদরোগ জনিত কারণে ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং ১৫ জন টঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মো. মামুন-উর- রশিদ।
এছাড়া ইজতেমাস্থলের পাশে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে কয়েক হাজার মুসল্লি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ইজতেমাস্থল ও আশপাশের খাবারের দোকান ও হোটেলে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রয়ের অভিযোগে বিভিন্ন খাবারের দোকান ও হোটেল মালিকের বিরুদ্ধে ১৮টি মামলা এবং ৩৪ হাজার সাতশ’ টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুন মিয়া।
এছাড়া টঙ্গী থানা পুলিশ ইজতেমাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জন হকারকে আটক করেছে।
অজুর পানির বদনা ২টাকা
প্রচ- ভিড়ের সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী প্রতি বদনা অজুর পানি ২-৫ টাকা করে বিক্রি করেছে। পুরনো খবরের কাগজ প্রতি পাতা ২টাকা ও সিমেন্টের খালি বস্তা ১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
পানির সঙ্কট
ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আসা মাওলানা বোরহান উদ্দিন বলেন, শুক্রবার দুপুর থেকেই পানির সংকট দেখা দিয়েছে। ফলে মুসল্লিরা বাধ্য হয়ে আশপাশের নালার ময়লা পানি দিয়ে ওজুর কাজ সেরেছেন।
এ ব্যাপারে গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা জানাান, বিশুদ্ধ পানির চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল। ইজতেমা এলাকায় প্রতিদিন প্রায় এক কোটি গ্যালন চাহিদার বিপরীতে ৭০ লাখ গ্যালন পানি সরবরাহ করা হচ্ছে। তাই ইজতেমাস্থলে পানি সংকট দেখা দিয়েছে।
১৭ হাজার বিদেশি মুসল্লি
ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানী, ইরান, জাপান, মাদাগাস্কার, মালি, মোজাম্বিক, নাইজেরিয়া, পানামা, সেনাগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, আমেরিকা, জিম্বাবোয়ে, বেলজিয়াম, ক্যামারুন, চীন, কমোরেস, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, কেনিয়া, মালয়শিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, জাম্বিয়া, কোরিয়া, আলজেরিয়া, জিবুতি, ইথিউপিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, পাকিস্তান, বাহরাইন, ইরিত্রিয়া, জর্ডান, মৌরিতানিয়া, ভারত, সুদান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রায় ১৭ হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24