ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ নেতা তাকজিল খলিফা কাজল মেয়র পদে জয়ী হয়েছেন।
কাজল নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক।
বৃহস্পতিবার সারাদিন শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা জানান, কাজল মাইক প্রতীক নিয়ে ৪ হাজার ৫১৩ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট।
মেয়র পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত বছর ১৮ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে এন এম হাসান মেয়র নির্বাচিত হন। গত ১৫ অক্টোবর তিনি মারা গেলে এ পৌরসভায় উপ-নির্বাচন দেয় নির্বাচন কমিশন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ২০ হাজার ৭৬৪ জন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) জামিল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৩ ঘ.
bdnews24