ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীর চর ভরাট এবং ভূমি উন্নয়ন কাজ করার অপরাধে মেঘনা গ্র“পকে ৩০ লাখ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের (এনফোর্সমেন্ট) করা জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে মেঘনা গ্র“পের করা আপিল আবেদনের রায়ে জরিমানার আদেশ বহাল থাকায় এ নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল পাঁচ মাস আগে নারায়ণগঞ্জে অভিযান চালায়। তখন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দক্ষিণ আনন্দবাজার থেকে মামলুতপুর পর্যন্ত মেঘনা নদীর তীরবর্তী প্রায় ৩০ একর নীচু জলাভূমি ভরাট করে মেঘনা গ্র“পের কারখানা স্থাপনের বিষয়টি ধরা পড়ে।
অনুমতি ছাড়া অবৈধভাবে ভরাটের অপরাধে মেঘনা গ্র“পকে গত ১০ সেপ্টেম্বর ৩০ লাখ টাকা জরিমানার করার পাশাপাশি বালি ভরাট কাজ বন্ধের নির্দেশ দেয় অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের ওই আদেশের বিরুদ্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আপিল করে মেঘনা গ্র“প। বুধবার ওই আপিল আবেদনের শুনানি শেষে জরিমানার আদেশ বহাল রাখা হয়।
এর পরিপ্রেক্ষিতে মেঘনা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে জরিমানা পরিশোধ করে অবৈধভাবে ভরাট করা বালি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/আরএ/১৯২৭ ঘ.
bdnews24