ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা এলাকা থেকে বোমা, চাপাতিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম আজিজুল হক ফকির (২৮)। বুধবার রাতে একটি চোরাই গাড়ি থেকে বোমা ও ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল ওই গাড়িতে তল্লাশি চালায়। গাড়ির ভেতরে তিনটি হাতে তৈরি বোমা, তিনটি বড় চাপাতি, তিনটি স্ক্রু ড্রাইবার ও দুটি বাঁশের লাঠি পায়। পরে দেখা যায় গাড়িটিও চুরি করা।
এছাড়া গোয়েন্দা পুলিশ উত্তরের একটি দল নওগাঁ জেলায় অভিযান চালিয়ে ২১টি চোরাই আটোরিকশা উদ্ধার করে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুজ্জামান টুকু জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬০০ ঘ.
bdnews24