২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যার আরেক আসামি রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির সরকার আত্মসমর্পণ করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নরসিংদী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির সরকার আত্মসমর্পণ করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল ৯টায় নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালত আত্মসমর্পণ করেন কবির সরকার। কবিরের পক্ষে আদালতে জামিন চান তার আইনজীবীরা। অন্যদিকে তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে হাকিম জামিন আবেদন নাকচ করে জিজ্ঞাসাবাদের জন্য এক দিন হেফাজতের আদেশ দেন। এদিকে এজাহারভুক্ত আরেক আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল মতিন সরকারকে তিন দিন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আদালতে আনে পুলিশ। মতিনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তার আবেদন এবং তার জামিন চেয়ে আইনজীবীদের আবেদন উভয়টি নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মতিন গত রোববার আদালতে আত্মসমর্পণ করেন। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হত্যাকাণ্ডের পর তার ভাই কামরুজ্জামান কামরুল ১৪ জনকে আসামি করে যে মামলাটি করেছেন, তাতে মতিনের নাম দুই নম্বরে এবং কবিরের নাম ১০ নম্বরে রয়েছে। ১ নভেম্বর রাতে মুখোশধারীদের গুলিতে দলীয় কার্যালয়ে খুন হন পৌর মেয়র লোকমান। এই হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত সাত জনসহ ১৯ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও কাজী আলমকে আদালত জামিন দিয়েছে। এছাড়া এই মামলায় ৯ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭১৫ ঘ.