নারায়ণগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নৈশপ্রহরীকে খুন করে স্বর্ণের দোকান লুট করেছে ডাকাতদল।
দোকানের মালিকের দাবি, অন্তত ৫০ ভরি স্বর্ণ ও নগদ ১২ হাজার টাকা খোয়া গেছে।
সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ জানান, বুধবার গভীর রাতে সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে বাজারের তিন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে, মুখে স্কচটেপ লাগিয়ে কলাগাছ চাপা দিয়ে পাশের একটি মাঠে ফেলে রাখে।
এতে চান মিয়া নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার ভোরে চান মিয়ার লাশ এবং অন্য দুই নৈশপ্রহরীকে উদ্ধার করা হয় বলেও জানান ওসি হারুন।
পুলিশের ধারণা, মুখে স্কচটেপ লাগানোর ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে চান মিয়ার মৃত্যু হয়েছে।
ডাকাতরা লুট করা ‘রিতা জুয়েলার্সে’র মালিক তপন কুমার দাস জানান, ডাকাতেরা দোকানের কলাপসিবল গেটের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ১২ হাজার টাকা নিয়ে গেছে।
অবশ্য বাজারের মাত্র একটি দোকানে ডাকাতির ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছে পুলিশ।
ওসি হারুন বলেন, “বাজারে অন্য দোকান থাকার পরেও শুধু মাত্র রিতা জুয়েলার্সে ডাকাতির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত দুই নৈশপ্রহরীকেও জিজ্ঞাসাবাদ করা হবে।”
নৈশপ্রহরীর লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১২৫৪ ঘ.
bdnews24