২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যামামলার আসামি সাংসদ শাওন হলেন সাক্ষী

যুবলীগ নেতা ইব্রাহীম হত্যামামলার আসামি সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে সাক্ষী হিসেবে দেখিয়ে অভিযোগপত্র দিয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম হত্যামামলার আসামি সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে সাক্ষী হিসেবে দেখিয়ে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। বুধবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্তবিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার খন্দকার আব্দুল হালিম ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে ছয় জনকে আসামি করে অভিযোগপত্র দেন। এরা হলেন- শাওনের গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালা, দেহরক্ষী দেলোয়ার হোসেন, ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফা শিমুল, গাড়ির মালিক মাজহারুল ইসলাম মিঠু, নূর হোসেন মুন্না ও সোহেল। ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে ২০১০ সালের ১৩ অগাস্ট ইব্রাহীমের মৃত্যু হয়। মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন কামাল। এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ সাংসদ শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ওই বছরের ১৮ অগাস্ট। সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আর্শেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, আর্শেদ বলেন, “মুখ্য হাকিম আজকে (বুধবার) অভিযোগপত্রটি গ্রহণ করেননি।” অভিযোগপত্রের ছয় আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। ২০১০ সালেরই ১৬ সেপ্টেম্বর মাসিক অপরাধ সভা শেষে সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার একেএম শহীদুল হক শাওনের পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, “সংসদ সদস্য শাওনের অতীত খারাপ থাকতে পারে। তবে ইব্রাহীমের হত্যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।” তার এই বক্তব্য নিয়ে বির্তক দেখা দেওয়ার পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছ থেকে সিআইডিতে স্থানান্তর করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচপি/পিডি/০০০১ ঘ.