২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি: ভিসির পক্ষ-বিপক্ষের শিক্ষকদের হাতাহাতি

ছাত্রলীগকর্মীদের হামলায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকর্মীদের হামলায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সমিতির সভায় বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্যপন্থী’ ও ‘উপাচার্যবিরোধী’ বলে পরিচিত শিক্ষকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক শামছুল ইসলাম সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বক্তব্য দেওয়া নিয়ে আওয়ামীপন্থী কিছু শিক্ষক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলো।” ‘শিক্ষদের এ ধরনের আচরণ অনাকাক্সিক্ষত’ বলে প্রতিক্রিয়া জানান শিক্ষক সমিতির সম্পাদক মো. শরীফ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাধিক সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষকের উপস্থিতিতে সভার শুরুতে জুবায়েরকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ‘শিক্ষক মঞ্চের’ নেতা অধ্যাপক নাসিম আখতার হোসাইন বক্তব্যে জুবায়েরের মৃত্যুর ঘটনায় ছাত্রদের নিরাপত্তার দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে প্রক্টরের পদত্যাগের দাবি জানান। এর পরপরই ‘উপচার্যপন্থী’ শিক্ষক বলে পরিচিত অধ্যাপক নুরূল আলম প্রশাসনের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে সমিতির সভাপতির পক্ষ থেকে উপাচার্যকে সাধুবাদ না দেওয়ার সমালোচনা করে বক্তব্য দেন। বেলা সোয়া ১১টার দিকে সভাপতি পরবর্তী বক্তা হিসেবে নির্দলীয় শিক্ষক অধ্যাপক একেএম শাহনেওয়াজকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে চাইলে নূরুল আলম ও সমিতির সহ-সভাপতি উপাচর্যপন্থী অধ্যাপক আবুল খায়ের বক্তব্য দিতে চান। তবে সভাপতি একেএম শাহনেওয়াজকে বক্তব্য দেয়ার সুযোগ দিলে উপাচার্যপন্থী শিক্ষক অধ্যাপক নূরুল আলম, মো. খবির উদ্দিন ও আবদুল মান্নান চৌধুরী ক্ষুব্ধ হয়ে সভাপতির মঞ্চে উঠে পড়েন। উপাচার্যপন্থী অন্যান্য শিক্ষকও মঞ্চের দিকে এগিয়ে আসলে উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী, বিএনপিপন্থী ও নির্দলীয় শিক্ষকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে সমিতির সভাপতি এম এ মামুন ও সম্পাদক মো.শরীফ উদ্দিনসহ বয়জ্যেষ্ঠ শিক্ষকদের হক্ষক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিঞাসহ ১২জন শিক্ষক প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন। বেলা ১টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি করা হয়। গত রোববার সন্ধ্যায় ছাত্রলীগের একাংশের হামলায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের আহমেদ। পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গোপালগঞ্জকেন্দ্রিক এই অংশের প্রতি উপাচার্যের বিশষ নজর রয়েছে বলে অভিযোগ করা হয়ে থাকে। এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ১ বছরের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার জন্য এক জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আন্দোলন অব্যাহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের হত্যার ঘটনায় টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে চার দফা দাবিতে লিফলেট বিতরণ, কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল ও সমাবেশ করেছে তারা। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে লিফলেট বিতরণ ও কালো ব্যাজ ধারণ করা হয়। সেখান থেকে একটি মৌন মিছিল শুরু হয়ে কাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- হত্যাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচার, তাদের মদদ ও ইন্ধনদাতাদেরও এ আইনের আওতায় আনা, নিরাপত্তা দানে ব্যর্থ প্রক্টর ও সিকিউরিটি ইনচার্জের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ে জরাজীর্ণ চিকিৎসা সহায়তা কেন্দ্র ভেঙে পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ। মৌন মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশে করে শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াসির আরাফাত বলেন, “হল দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, র‌্যাগিং ছাত্রলীগের নেতা-কর্মীরাই করে। এদের প্রতিবাদ না করলে আমাদেরও জুবায়েরের মতো পরিণতি হবে।” সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মৈত্রী বর্মন বলেন, “মধ্যবিত্ত ঘরের সন্তান জুবায়ের বছর কয়েক আগে ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে চলে। প্রায় এক বছর আগে সে রাজনীতি ছেড়ে দেওয়ায় তাদের হাতেই তাকে খুন হতে হয়েছে।” বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ বলেন, “প্রক্টর ও সিকিউরিটি ইনচার্জকে পদত্যাগ করতেই হবে। কারণ তাদের জন্যই জুবায়ের খুন হয়েছে। তারা জুবায়েরের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।” বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিয়া ফেরদৌসি বলেন, “বিশ্ববিদ্যালয়ে জুবায়ের আগে আরো আটজন খুন হলেও বিশ্ববিদ্যালয়ে প্রশাসন তার কোনো বিচার করেনি। ওই সব খুনের বিচার হলে এই জুবায়েরকে মরতে হতো না। আমরা চাই নবম খুনের বিচার হোক।” আগামী বৃহস্পতিবার সকালেও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/পিডি/২৩১২ ঘ.