ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)-তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুরের শ্রীপুরে একটি ডাইং কারখানার ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মেঘনা নিট কম্পোজিট লিমিটেডকে এ দণ্ড দেন বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) থাকা সত্ত্বেও কারখানার মালিক ইটিপির নির্ধারিত পরিশোধন ক্ষমতার বাইরে অতিরিক্ত পণ্য উৎপাদন করে আসছিল।
তাই পরিশোধন অযোগ্য দূষিত পানি বাইপাস লাইনের মাধ্যমে খালে ফেলে আসছিল, যা পরিবেশ অধিদপ্তরের সদস্যদের কাছে ধরা পড়ে।
এর পরিপ্রেক্ষিতে কারখানার মালিক মোখলেছুর রহমানকে ইটিপির পরিশোধন-ক্ষমতার মধ্যে উৎপাদন সীমিত রাখার নির্দেশ দেওয়া হয় এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় বাইপাস লাইনটি বন্ধ করে দেওয়া হয়।
এ অবৈধ বাইপাস লাইন দিয়ে আনুমানিক ৭৫ হাজার ৬০০ ঘনমিটার তরল বর্জ্য তুরাগ নদে নির্গত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বর্জ্য ‘ডাইং কারখানা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন’ অনুযায়ী ‘লাল’ রঙের যা পরিবেশের জন্য বিপজ্জনক।
কারখানার মালিক, জিএম ও এজিএম এর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ আগামী ২ মাসের মধ্যে ইটিপির পরিশোধন ক্ষমতা বাড়াবে বলে নিশ্চয়তা দিয়েছে।
ইটিপি পূর্ণাঙ্গভাবে কার্যকর না করা পর্যন্ত কারখানার পরিবেশ ছাড়পত্র নবায়ন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24