২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শনে আসছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী অ্যান্ড্রু মিশেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শনে আসছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী অ্যান্ড্রু মিশেল। চার দিনের সফরে তিনি ঢাকা পৌঁছাবেন আগামী শনিবার। ডিএফআইডি বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ, সামাজিক সেবা প্রদানে সরকারের সক্ষমতা বৃদ্ধি, বেশি সংখ্যক শিশুকে উন্নত স্কুলে শিক্ষার ব্যবস্থা এবং পরিবার পরিকল্পনার উন্নয়ন ও মাতৃমৃত্যু হার কমানোকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করে। ২০১৫ সাল নাগাদ বাংলাদেশে বিভিন্ন খাতে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য বছরে গড়ে ২৫ কোটি ডলার ব্যয় করবে ডিএফআইডি। বাংলাদেশে প্রথম এ সফরে আন্ড্রু মিশেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করবেন। ব্রিটিশ মন্ত্রী মিশেল এ সফরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহাবুব হোসেনের সঙ্গেও বৈঠক করবেন। মাহাবুব বলেন, “সরকারের পর ব্র্যাকই সবচেয়ে বেশি ডিএফআইডির সহায়তা পেয়ে থাকে। প্রতি বছর আমরা তাদের কাছ থেকে চার থেকে পাঁচ কোটি ডলার পাই।” তিনি বলেন, “স¤প্রতি আমরা ডিএফআইডির সঙ্গে একটি কৌশলগত চুক্তি করেছি যার আওতায় ২০১৫ সাল নাগাদ আমাদের ২০ কোটি ৪০ লাখ ব্রিটিশ পাউন্ডের তহবিল সরবরাহ করা হবে।” “এ অর্থ কোনো নির্দিষ্ট প্রকল্পে নয়, বরং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ অর্থ ব্যয় করা হবে।” ২০১৫ সালেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ শেষ হবে। এর আগে ২০১০ সালে যুক্তরাজ্যের এ দপ্তরের প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২২২ ঘ.