চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের ৩৬ বছর পর যৌতুক দাবি করায় চট্টগ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী।
বুধবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর রেল স্টেশন সংলগ্ন ডব্লিউ কলোনির বাসিন্দা সবিতা দাশ (৪৮) মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে স্বামী অজিত দাশের (৫৪) বিরুদ্ধে এ মামলা করেন।
আদালতের বেঞ্চ সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ আমলে নিয়ে অজিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
১৯৭৫ সালে সবিতা দাশের সঙ্গে ষোলশহর এলাকার মৃত রাজেন্দ্র দাশের ছেলে অজিত দাশের বিয়ে হয়। এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় অজিত দাশ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে স্ত্রী সবিতাকে মারধর করেন। এর আগেও তিনি বেশ কয়েকবার যৌতুক দাবি করেছেন।
যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় হওয়ার এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৭ মার্চ ঠিক করেছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/১৯৫৩ ঘ.
bdnews24