ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে (আইএসপিআর) ব্যবহার করে বিরোধী দলীয় নেতা সম্পর্কে ‘অসংযত ভাষায়’ উস্কানিমূলক বক্তব্য প্রচার করেছে বলে মনে করে বিএনপি।
বুধবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের ভিত্তিতে আইএসপিআর মঙ্গলবার যে বিবৃতি দিয়েছে তা ‘অপব্যাখ্যামূলক’ ও ‘অনভিপ্রেত’।
বিএনপি বলেছে, “প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকায় তার অধীনস্ত প্রতিষ্ঠান আইএসপিআরকে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যের অপব্যাখা দেওয়ার কাজে অপব্যবহার করা হয়েছে বলে আমরা মনে করি। তাদের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য সম্পর্কে উস্কানিমূলক, কাণ্ডজ্ঞানহীন এবং অনভিপ্রেত শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে। এটা খুবই অনভিপ্রেত ও দুঃখজনক।”
সোমবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার সেনা কর্মকর্তাদের ‘গুম’ করছে। তিনি বলেন, “সরকার কেবল দমননীতিই নয়, গুম ও গুপ্ত হত্যার মাধমে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করছে। কেবল তা-ই নয়, সেনাবাহিনীর কর্মকর্তাদেরও গুম করা হচ্ছে।”
খালেদা জিয়ার এ অভিযোগকে ‘উস্কানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন’ উল্লেখ করে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় আইএসপিআর বলে, “বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তার (খালেদা জিয়া) এ বক্তব্য বিভ্রান্তিকর ও উস্কানিমূলক। এর দ্বারা সেনাবাহিনীর ন্যায় একটি জাতীয় শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে।”
এর জবাবে বিএনপি অভিযোগ করেছে, আইএসপিআরকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দলীয় নেত্রী সম্পর্কে অসংযত ভাষায় বক্তব্য প্রচার করিয়ে সরকার উস্কানিমূলক কাজ করেছে।
সেনাবাহিনীর পরিচালন রীতি, সেনা আইন এবং শৃঙ্খলা বিধানের পদ্ধতি সম্পর্কে বিরোধী দলীয় নেত্রী সম্যক অবহিত রয়েছেন উল্লেখ করে বিএনপি বলেছে, “তার (খালেদা জিয়া) ভাষণের মূল নির্যাস ছিল এরকম- প্রতিষ্ঠিত সেই সব রীতি, আইন ও পদ্ধতির ব্যতয় ঘটিয়ে বর্তমান সরকারই এই বাহিনীকে দুর্বল করছে। বিরোধী দলীয় নেত্রীর এসব অভিযোগের জবাব না দিয়ে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রচারণা দেশবাসীর কাঙ্খিত ও কাম্য নয়।
“শক্তিশালী ও সুশৃঙ্খল সশস্ত্র বাহিনী গঠন এবং এই বাহিনীর ভাবমর্যাদা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা সর্বজনবিদিত। কাজেই দেশনেত্রী সম্পর্কে আইএসপিআরের অভিযোগই প্রকৃতপক্ষে বিভ্রান্তিমূলক।”
বিবৃতিতে দাবি করা হয়, স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর সমান্তরাল রক্ষীবাহিনী গঠন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পিলখানায় বিডিআরের ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, ওই ঘটনার প্রতিবাদকারী সেনা কর্মকর্তাদের চাকুরিচ্যুতি, গত তিন বছরে বেশ কিছু সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে যাওয়া এবং তাদের অবস্থান সম্পর্কে পরিবার পরিজনেরও কোনো কিছু না জানার ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক মারফত প্রচারিত হওয়া এবং বর্তমান পরিস্থিতিতে ধরে নিয়ে যাওয়ার পর গুম হয়ে নিরুদ্দিষ্ট সেনা কর্মকর্তাদের সম্পর্কেই চট্টগ্রামের পলোগ্রাউণ্ডে কথা বলেছেন বিরোধী দলীয় নেতা।
দেশের এই প্রেক্ষাপটে “খালেদা জিয়ার বক্তব্যে উল্লিখিত ওই কথাগুলোর মধ্যে কোনটি অসত্য তা বিএনপি ও দেশবাসীর কাছে বোধগম্য নয়” বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিএনপি বলছে, ‘‘বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে সশস্ত্র বাহিনীতে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে, সে সম্পর্কে উদ্বেগ প্রকাশের অধিকার দেশপ্রেমিক ও দায়িত্বশীল বিরোধী দলের অবশ্যই রয়েছে। আমরা আশা করেছিলাম, সরকার দেশবাসীকে অন্ধকারে না রেখে এ সম্পর্কে সুস্পষ্ট ও দায়িত্বশীল বক্তব্য দেবে।’’
সরকারকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীকে ‘রাজনীতির উর্ধ্বে’ একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বিএনপি বলেছে, বিরোধী দলীয় নেত্রী সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকলাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট অভিযোগ করলে সেই সমালোচনা সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে করা হয়েছে বলে প্রচার করাটা নিছক অপপ্রচার ও অপব্যাখা ছাড়া আর কিছুই নয়। সরকারের বিরুদ্ধে যে সমালোচনা তার জবাব দেয়ার দায়-দায়িত্বও সশস্ত্র বাহিনীর নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৮১৮ ঘ.
bdnews24