২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: মন্ত্রীর এপিএস মুরাদ রিমান্ড শেষে কারাগারে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় টেলিযোগাযোগমন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদকে পুলিশ হেফাজত শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নরসিংদী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় টেলিযোগাযোগমন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদকে পুলিশ হেফাজত শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মুরাদকে বুধবার সকালে মুখ্য নির্বাহী হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। এ সময় তিনি নতুন করে আরো সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মুরাদের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুটি আবেদনই নাকচ করে মুরাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়। এ হত্যা মামলার আরেক আসামি নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ও শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিঞা মোহাম্মদ মঞ্জুরের জামিন আবেদনও এদিন খারিজ করেছে আদালত। তাকেও কারাগারে পাঠিয়ে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে পুলিশকে। মুরাদ গত রোববার আদালতে আত্মসমর্পণের পর তাকে দুদিনের রিমান্ডে পাঠানো হয়। আর মঞ্জুর সোমবার আত্মসমর্পণ করলে তাকে একদিনের রিমান্ডে পায় পুলিশ। ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তার ছোট ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে যে হত্যার মামলাটি দায়ের করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দির রাজুর একান্ত সচিব (এপিএস) মাসুদুল রহমান মুরাদ সেই মামলার নয় নম্বর আসামি। আর মঞ্জুর ১২ নম্বর আসামি। মামলার এক নম্বর আসামি হলেন মন্ত্রীর ছোটভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চু। মেয়র লোকমান হত্যা মামলায় এ পর্যন্ত ৬ এজাহারভুক্ত আসামিসহ ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও আসামি কাজী আলমকে আদালত জামিন দিয়েছে। এছাড়া এই মামলায় ৯ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় নরসিংদী পৌর উপ-নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোন্তাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪৪৯ ঘ.