২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযম ট্রাইব্যুনালে

গ্রেপ্তার এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম, যার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 04:30 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম, যার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আদালত। অবশ্য বার্ধক্য ও স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে মঙ্গলবারই জামিনের আবেদন করেছেন তিনি। বুধবার সকাল ১০টার পর কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালে প্রবেশ করেন গোলাম আযম। তাকে ভেতরে নেওয়া হয় হুইল চেয়ারে বসিয়ে। এদিকে বিভিন্ন সংগঠন গোলাম আযমের বিচারের দাবিতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সমবেত হয়েছে ট্রাইব্যুনাল প্রাঙ্গণের বাইরে। ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই হাইকোর্টে ১ নম্বর ফটক ও মাজার গেটে দিয়ে সাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে। গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাকে বুধবার হাজির হওয়ার নির্দেশ দেয়। আদেশে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে হাজির হতে ব্যর্থ হলে তার কিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। হাজিররা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগেই জামিন চেয়ে একটি আবেদন করেন জামায়াতের সাবেক আমীর। তার আইনজীবী এম তাজুল ইসলাম মঙ্গলবার বলেন, “আমরা সকালে একটি জামিনের আবেদন করেছি। কাল (বুধবার) হাজিরার তারিখ আছে। আশা করছি, এটা শুনানির জন্য উঠবে।” জামিন আবেদনে কারণ হিসেবে গোলাম আযমের বার্ধক্য ও স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। গোলাম আযম ছাড়াও জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১০২০ ঘ.