২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামিকে সুবিধা দিতে ধর্ষিতার বয়সে হেরফের: পুলিশ

বরিশালে একটি ধর্ষণ চেষ্টার মামলায় আসামিদের সুবিধা দিতে চিকিৎসক বয়স বাড়িয়ে প্রতিবেদন দিয়েছেন বলে অভিযোগ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 07:11 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে একটি ধর্ষণ চেষ্টার মামলায় আসামিদের সুবিধা দিতে চিকিৎসক বয়স বাড়িয়ে প্রতিবেদন দিয়েছেন বলে অভিযোগ করেছে পুলিশ। গত ১৯ নভেম্বর সন্ধ্যায় উজিরপুরের মজম গ্রামের বাহেরঘাট মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ওই ধর্ষণের ঘটনা মোবাইল ফোন সেটে ভিডিও করে ধর্ষকরা। এরপর ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিলে মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। ওই ঘটনায় মেয়েটির ভাই নবীন তিনজনকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করেন। আসামিরা হলেন- রাব্বি, উজ্জ্বল ও কুদ্দুস। মামলাটির তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের দেওয়া প্রতিবেদন ছাত্রীটির বয়স ২৫ বছর এবং তিন সন্তানের জননী দেখানো হয়। কিন্তু প্রতিবেদনটি অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে পুনরায় মতামত চায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে সংশোধিত প্রতিবেদন দেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. আকতারুজ্জামান তালুকদার। তাতে বলা হয়, ছাত্রীটি ধর্ষিত হয়েছে। এছাড়া তার ভাষ্যমতে বয়স ১৫ বছর। কিন্তু চিকিৎসকের মতে বয়স হবে ২০ বছর। এই প্রতিবেদনের কারণে মামলার অভিযোগপত্র জমা দেওয়া বিলম্বিত হচ্ছে জানিয়ে এসআই লুৎফর বলেন, “বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হবে।” প্রথমবার কম্পিউটারের ভুল হওয়ার কথা উল্লেখ করে ডা. মো. আকতারুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, দ্বিতীয়বার প্রতিবেদনে বয়স বেশি লেখার কারণ তিনি জানেন না। তিনি বলেন, “রেডিওলজি বিভাগ ভালো বলতে পারবে। তারাই বয়স নির্ধারণ করেন।” তবে প্রতিবেদনে তার স্বাক্ষর কেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। চিকিৎসক ২০ বছর বয়স উল্লেখ করা প্রসঙ্গে এসআই লুৎফর বলেন, “আসামিপক্ষকে সুবিধা দেওয়ার জন্য করেছেন। ১৮ বছরের নিচে কেউ স্বেচ্ছায় শারিরিক সম্পর্ক করলেও সেটা ধর্ষণ হিসেবে আইনে উল্লেখ রয়েছে। ২০ বছর উল্লেখ করলে ধর্ষণ প্রমাণ করা কষ্টকর।” ধর্ষিতার বড়ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় বোনের অবস্থা আশংকাজনক ছিলো। এজন্য বিস্তারিত না জেনেই মামলা করেছি। বোন ধর্ষণের শিকার হয়েছে বলে সুস্থ হয়ে জানিয়েছে।” গত ২২ নভেম্বর নির্যাতিতা ছাত্রীটি বরিশালের জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম শাহিনুর আক্তারের কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়ে জবানবন্দি দিয়েছে। ঘটনার শিকার ছাত্রীর ভাই জানান, আসামি রাব্বির বাবা ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তাদের পরিবার খুবই প্রভাবশালী। ধর্ষণ চেষ্টার মামলা নেওয়া প্রসঙ্গে এসআই লুৎফর রহমান বলেন, “মামলা তো আমি নিইনি। সেই সময় ছাত্রী অসুস্থ ছিলো। সে প্রকৃত ঘটনা কাউকে জানাতে পারেনি বিধায় ধর্ষণ চেষ্টা মামলা নেওয়া হয়েছে। ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের বিষয়টি অভিযোগপত্রে দেওয়া যাবে।” “চিকিৎসকের দ্বিতীয় প্রতিবেদনের ওপর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মতামত না দিলে ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ ও বিদ্যালয়ের সনদে উল্লেখ করা বয়স দিয়ে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে,” বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০২৩ ঘ.