২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের আলোচিত বাঁধ ভাঙা হচ্ছে

তিতাস নদীর ওপর দিয়ে ভারতীয় ওভার ডাইমেনশনাল কার্গো বা ওডিসি পরিবহনের জন্যে নির্মিত বাঁধ ভাঙার কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস নদীর ওপর দিয়ে ভারতীয় ওভার ডাইমেনশনাল কার্গো বা ওডিসি পরিবহনের জন্যে নির্মিত বাঁধ ভাঙার কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুক্তি অনুযায়ী মঙ্গলবার বাঁধ ভাঙ্গা শুরু হয়েছে।” প্রথম দিন কয়েক মিটার বাঁধ ভাঙা সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাঁধ ভাঙার কাজ শেষ হবে।” ভারতীয় কোম্পানি এবিসির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, “চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাঁধ ভাঙ্গা শুরু হয়েছে।” ভারতের ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের জন্যে দ্বিপাক্ষিক চুক্তির পর ২০১১ সালের ১১ অগাস্ট থেকে ওডিসি চলাচল শুরু হয়। সরাইলের বিশ্বরোড মোড় থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের সেতুগুলো ১৩২ চাকার ওডিসি চলাচলের অনুপযোগী হওয়ায় ১৩টি সেতুর পাশ ঘেঁষে বিকল্প এই সড়ক নির্মাণ করা হয়। এছাড়া, সুলতানপুর মোড় থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক ভারতীয় অর্থায়নে নির্মাণ করা হয়। এই সড়ক পথেই তিতাস নদীর ওপর একটি অস্থায়ী সড়ক নির্মিত হয়। নদীর পানিপ্রবাহে বাধা পড়া নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁধের নিচে ১৫টি বড় পাইপ দিয়ে পানিপ্রবাহ সচল রয়েছে। ফলে পানি আটকে যাওয়ার যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন।” মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে আবদুল মান্নান জানান, দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই এই বাঁধ কেটে ফেলা হচ্ছে। এই বাঁধের ফলে পরিবেশের ক্ষতি হওয়ার দাবি নাকচ করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আলী বলেন, “নদীর পানিপ্রবাহে এই বাঁধ কোনো বাধা সৃষ্টি করেনি। তাই জলজ বা স্থলজ কোনো প্রাণীর ক্ষতি করেনি বা কৃষি জমির সেচেরও কোনো সমস্যা হয়নি।” জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলাই চন্দ্র্র দাস বলেন, “এতে কৃষির কোনো ক্ষতি করেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০০৬ ঘ.