২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সফর বন্ধন শক্তিশালী করবে: ভারত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরা সফর ভারত-বাংলাদেশের জনগণকে আরও কাছাকাছি আনার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক বন্ধনকে শক্তিশালী করবে বলে মনে করে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নয়া দিল্লী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরা সফর ভারত-বাংলাদেশের জনগণকে আরও কাছাকাছি আনার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক বন্ধনকে শক্তিশালী করবে বলে মনে করে ভারত। তার দিল্লী সফরের ঠিক দুই বছর পর বুধবার শেখ হাসিনা দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাচ্ছেন। সেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডি লিট (ডক্টর অব লিটারেচার) সম্মাননা দেবেন ভারতের উপ-রাষ্ট্রপতি এম. হামিদ আনসারী। ওই অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় শিল্পমন্ত্রী কপিল সিবালও উপস্থিত থাকবেন। হাসিনার ত্রিপুরা সফরের আগের দিন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, “ভারত এবং বাংলাদেশ একই ভ্রাতৃত্ববোধ, ভাষাগত ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর দেশ দুটির মধ্যে সহযোগিতা ব্যাপকভাবে বিস্তৃত করেছে। “চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বাংলাদেশের মধ্যে পরস্পর সম্পর্ক এবং বন্ধনের বিস্তৃত সম্ভাবনার সূচনা করেছে।” বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে দেশটির স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাজ্য ত্রিপুরায় শেখ হাসিনার এটিই প্রথম সফর। ত্রিপুরার রাজধানী আগরতলার নামেই ১৯৬৮ সালে শেখ মুজিবের বিরুদ্ধে ‘আগরতলা সড়যন্ত্র মামলা’ দায়ের করে পাকিস্তানি শাষকগোষ্ঠী। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর অন্যতম সামরিক ঘাঁটি হিসেবেই শুধু নয়, ওই সময় প্রায় ১৬ লাখ বাংলাদেশী শরণার্থীকে আশ্রয় দেয় রাজ্যটি। ত্রিপুরা রাজ্যের ১১টি ফ্রন্টে যুদ্ধ হয়েছিল সে সময়। ২০১০ সালে এক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় চোট্টাখোলায় স্বাধীনতা আন্দোলন স্মৃতি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই পার্কে বঙ্গবন্ধুর একটি মূর্তি স্থাপন করা হবে। গতবছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তার সঙ্গে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকারও। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২৩৪৪ ঘ.