২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের বকুনিতে দুই শিশুর ‘আত্মহত্যা’

নাটোরের সিংড়া উপজেলায় মায়ের বকুনি খেয়ে দু’টি শিশু আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নাটোর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় মায়ের বকুনি খেয়ে দু’টি শিশু আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে পৃথক এ দুই ঘটনায় মৃতরা হল রাখালগাছা গ্রামের আ. জলিলের ছেলে রানা (১০) এবং বড় সাঐল গ্রামের আব্দুর রহিমের মেয়ে রুনা (১০)। রানা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণি এবং রুনা সাঐল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এত অল্প বয়সে আত্মহত্যা নিশ্চিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সিংড়া থানার ওসি এ এইচ এম ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশু দু’টির আত্মহত্যার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ দু’জনেরই লাশে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। এছাড়া, তাদের মৃত্যু নিয়ে কোনো স্বজন অভিযোগ করেনি।” ওসি আরো বলেন, নিহতদের স্বজনরা ময়নাতদন্তের ব্যাপারে আপত্তি করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। “এছাড়া অভিমান করে আত্মহত্যা করার মতো বয়স তাদের হয়েছিল বলেও আমি মনে করি,” বলেন ওসি। পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার রাতে সে মায়ের কাছে ভাত চাইলে রানাকে মা বকাঝকা করেন। এতে রাগ করে ঘরে ঢুকে ফাঁসিতে সে আত্মহত্যা করে। আর মা বকুনি দেওয়ায় ঘরের পিছনে গাছের ডালে ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে রুনা। সিংড়া থানার এস আই নুর আলম জানান, এ দুটি ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১০ ঘ.