২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন গ্যাস সংযোগ বিষয়ে বলা যাচ্ছে না’

নতুন গ্যাস সংযোগের কয়েক হাজার আবেদন জমা পড়লেও এ সরকারের মেয়াদে তা দেওয়া যাবে কি না সে বিষয়ে কিছু বলতে পারছেন না প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন গ্যাস সংযোগের কয়েক হাজার আবেদন জমা পড়লেও এ সরকারের মেয়াদে তা দেওয়া যাবে কি না সে বিষয়ে কিছু বলতে পারছেন না প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে বাসাবাড়িতে গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “গ্যাসের চাহিদা ক্রমান্বয়ে বাড়তে থাকায় বর্তমানে চাহিদা ও সরবরাহের মধ্যে পার্থক্য থেকেই যাচ্ছে। তাই নতুন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।” সরকারের মেয়াদ শেষের আগে নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে কি না- এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “তা বলা সম্ভব হচ্ছে না। তবে জ্বালানি খাতের উন্নয়নে সরকার চেষ্টা চালিয়েছে যাচ্ছে।” ২০০৯ সালের জুলাই মাস থেকে গ্যাস সংকটের কারণ দেখিয়ে দেখিয়ে নুতন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে সরকার। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ২৫০০ এমএমসিএফের বিপরীতে সরবরাহ হচ্ছে ২০৫০ এমএমসিএফের মতো। সে হিসেবে ঘাটতি থাকছে প্রায় ৫০০ এমএমসিএফ। গত ৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের ( পেট্রোবাংলার) হোসেন মনসুর জানিয়েছিলেন, নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকলেও প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করতে চলতি মাসের মধ্যে রাজশাহী অঞ্চলে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রি-পেইড মিটার স্থাপন সম্পর্কে তিনি বলেন, “নতুন কূপ খনন করে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পাশাপাশি গ্যাসের অপচয় রোধে এ মিটার সহায়ক ভূমিকা পালন করবে।” প্রাকৃতিক গ্যাসের মজুদ অফুরন্ত নয় উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী বলেন, “গ্রাহকরা সচেতন না হলেও এ সংকট থেকে বেরিয়ে আসা আরো কষ্টকর হয়ে পড়বে।” অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম, বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ পরিচালক অধ্যাপক এম এম লুৎফুল কবীর প্রমুখ। প্রি-পেইড মিটার স্থাপন এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিজ খান বলেন, “২০০৯ সালে পাইলট প্রকল্পের আওতায় প্রি-প্রেইড মিটারের কার্যক্রম শুরু হয়। রাজধানীর লালামাটিয়া এবং মোহাম্মদপুরে পরীক্ষামূলকভাবে নেওয়া এই প্রকল্পের আওতায় চার হাজার ৫০০ মিটারের মধ্যে ইতোমধ্যে চার হাজার ১০০টি মিটার স্থাপন করা হয়েছে।” প্রকল্পে কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ। তিতাসের এমডি বলেন, “বর্তমানে একজন আবাসিক গ্রাহক দুই চুলার জন্য ৪৫০ টাকা করে পরিশোধ করে। এজন্য ওই গ্রাহক ইচ্ছামতো গ্যাস ব্যবহার করতে পারতো। এখনো গ্রাহকরা ইচ্ছা মতোই গ্যাস ব্যবহার করতে পারবে তবে ব্যবহারের উপর তার বিল নির্ভর করবে।” বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ধরা হয়েছে পাঁচ টাকা ১৬ পয়সা। ২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদি প্রকল্পের ব্যয় ধরা হয় ছয় কোটি ৭০ লাখ ৫১ হাজার ৬শ টাকা। মঙ্গলবার এ মিটার স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “গ্যাসের অপচয় এবং বিল কারসাজি রোধে আরো ছয় লাখের বেশি প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।” এর মধ্যে কোম্পানির নিজস্ব অর্থায়নে আরো তিন লাখ মিটার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে আরো তিন লাখ মিটার স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ঢাকা মহানগরীসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ এলাকায় টিজিটিডিসিএল গ্যাস সরবরাহ করে। বর্তমানে তিতাসের মোট গ্রাহক প্রায় ১৬ লাখ। এর মধ্যে আবাসকি গ্রাহক প্রায় সাড়ে ১৫ লাখ। প্রি-পেইড মিটার ব্যবহারের সুবিধা তিতাস গ্যাসের বক্তব্য অনুযায়ী, গ্যাসের অপচয় রোধ, বকেয়া বিলের জটিলতা নেই, প্রকৃত গ্যাস ব্যবহারের ভিত্তিতে গ্রাহকের বিল নির্ধারণ করা হবে। মিটার চালুর পর অগ্রিম ২০০ টাকা রিচার্জড অবস্থায় থাকবে, যাতে গ্রাহকের সংযোগ অবিচ্ছিন্ন থাকে। পরবর্তীতে কার্ড রিচার্জের সময় এ অর্থ কেটে নিয়ে সমন্বয় করা হবে। গ্রাহকের ব্যালান্স শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং কার্ডে অর্থ রিচার্জের মাধ্যমে পুনরায় গ্যাস ব্যবহার শুরু করা যাবে। তবে অর্থ শেষ হওয়ার আগে ১০ ঘনমিটার গ্যাসের সমপরিমাণ টাকা (বর্তমান রেট ৫১.৬০ টাকা) থাকা অবস্থায় মিটার অ্যালার্ম দিবে এবং অর্থ শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহক হয়রানি এড়ানোর জন্য চার্জকৃত অর্থ শেষ হওয়ার পরও ২০ ঘনমিটার সমপরিমাণ অর্থ নেগেটিভ ব্যালেন্স হিসাবে মিটারে দেওয়া হবে। ব্যালেন্স শেষ হলে মিটারের ‘পুশ’ বাটন চাপ দিলে এ নেগেটিভ ব্যালেন্স ব্যবহৃত হতে থাকবে। তবে পরবর্তী রিচার্জের সময় তা সমন্বয় করে নেওয়া হবে। স্মার্ট কার্ডে রিচার্জ প্রি-পেইড মিটার রিচার্জ করার জন্য একটি স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে গ্রাহককে। এ কার্ডের মাধ্যমে সর্বনিু ২০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৫০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। শনিবার এবং ঈদসহ অন্যান্য ছুটিরদিনে জরুরি হিসেবে গ্রাহকরা কোম্পানির লালমাটিয়ার দপ্তর থেকে ৫০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এ ছাড়া মিটার ভাড়া হিসেবে প্রতি মাসে ৫০ টাকা দিতে হবে গ্রাহককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৫১ ঘ.