২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী বহনে থার্ড ক্যারিয়ার না রাখার দাবি

চলতি বছর হজযাত্রী পরিবহনে তৃতীয় পরিবহন সংস্থা (থার্ড ক্যারিয়ার) না রাখা এবং ফেরৎ না আসা হাজীদের পাঠানো হজ এজেন্সির সনদ বাতিল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর হজযাত্রী পরিবহনে তৃতীয় পরিবহন সংস্থা (থার্ড ক্যারিয়ার) না রাখা এবং ফেরৎ না আসা হাজীদের পাঠানো হজ এজেন্সির সনদ বাতিল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার বিমানমন্ত্রী ফারুক খানের সঙ্গে গত বছরের হজ ব্যবস্থাপনা মূল্যায়ন সংক্রান্ত সভায় হাব নেতারা এসব দাবিসহ মোট নয়টি দাবি উপস্থাপন করেন। ফারুক খান হজ এজেন্সি মালিকদের দাবি শুনে তা বিবেচনার আশ্বাস দেন। হাবের সভাপতি জামালউদ্দিন আহমেদ দাবিগুলো উপস্থাপন করে বলেন, থার্ড ক্যারিয়ারের যাত্রীরা এ বছর ভোগান্তির শিকার হয়েছেন। ট্রানজিটের জায়গাগুলোতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। এ কারণে চলতি বছর হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার না রাখার দাবি জানান তিনি। এসব সংস্থাকে যাত্রী পরিবহনের দায়িত্ব দিলেও সরাসরি যাত্রী পরিবহন করা বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মতো বিমান সংস্থার সঙ্গে ভাড়ার পার্থক্য রাখার দাবিও জানান তারা। গত হজ মৌসুমে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও হজযাত্রী পরিবহণে তৃতীয় পরিবহন সংস্থা (থার্ড ক্যারিয়ার) হিসেবে আরো নয়টি আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থার সঙ্গে চুক্তি করে সরকার। এ নয়টি বিমান সংস্থা মোট ৩৪ হাজার ৭০০ জন হজযাত্রী বহন করে। এ বছর হজযাত্রী পরিবহনের ভাড়া নির্ধারণে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখার দাবি জানিয়ে হাব সভাপতি বলেন, গত বছর এক লাখ ১০ হাজার ৯৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিলো। যা স্বাভাবিক ভাড়ার চেয়ে ৪০ হাজার টাকা বেশি ছিলো। তিনি বলেন, গত বছর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) নির্ধারিত ডলার বিনিময় মূল্য ছিলো ৭২ টাকা। অথচ ডলারের বিনিময় মূল্য ৭৪ টাকা আদায় করেছে এয়ারলাইন্সগুলো। আদায় করা অতিরিক্ত দুই টাকা ফেরত দেওয়ার দাবি জানান জামালউদ্দিন। হাব সভাপতি বলেন, দ্বি-খণ্ডিত টিকেটের (এক এয়ারলাইন্সে যাওয়া আরেক এয়ারলাইন্সে ফেরা) কারণে হজযাত্রীরা ভোগান্তিতে পড়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ৩০ জুলাইয়ের মধ্যে বিমানের শিডিউল চূড়ান্ত করারও দাবি জানান তিনি। মন্ত্রী ফারুক খান, এ বছরও হজে গিয়ে এখনো ৯৩৯ জন যাত্রীর ফিরে না আসার কারণ জানতে চান। জবাবে হাব সভাপতি বলেন, অনেকে ইচ্ছাকৃতভাবে থেকে যেতে পারেন। আবার অনেকে হয়তো আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াচ্ছেন। তবে যেসব এজেন্সির হজযাত্রী ফেরত আসেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ। ফারুক খান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সমস্যাগুলো সমাধানের বিষয়ে আমরা বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। অনৈতিকভাবে যা হয়েছে সবই খতিয়ে দেখবো আমরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৯ ঘ.