ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তিতে অনুষ্ঠেয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতি ৭১’ স্থগিত করা হয়েছে কিংবদন্তি সাংবাদিক মার্ক টালির অসুস্থতার কারণে, বিবিসি রেডিওতে যার কণ্ঠ যুদ্ধের দিনগুলোতে বাংলার মানুষকে প্রেরণা যুগিয়েছে।
মঙ্গলবার ঢাকার রূপসী বাংলা হোটেলে এই অনুষ্ঠানে মার্ক টালির সঙ্গে অতিথি হিসেবে থাকার কথা ছিল ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিংয়ের, দ্য টেলিগ্রাফের হয়ে যিনি এ দেশ থেকে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করে বিশ্বকে জানিয়েছেন সেই সময়।
বাংলাদেশের প্রথম সেনা প্রধান কে এম শফিউল্লাহরও অতিথি হিসেবে থাকার কথা স্মৃতিচারণমূলক এ অনুষ্ঠানে।
এর সহ আয়োজক সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু দিল্লির চিকিৎসকরা মার্ক টালিকে এখন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।”
আনিসুল হকের মোহাম্মদি গ্র“প এবং এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ প্রকাশিত দৈনিক সমকাল এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে।
আগামী মার্চে কোনো এক সময়ে ‘স্মৃতি ৭১’ আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছেন আনিসুল হক।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে কয়েক শ’ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। অনুষ্ঠানটি স্থগিত করতে হওয়ায় আমরা দুঃখিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০২০ ঘ.
bdnews24