গাইবান্ধা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।
সোমবার সকালে ডায়রিয়া আক্রান্ত লিসা মনিকে (১) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর দেড়ঘণ্টা পর তার মৃত্যু হয়।
লিসা কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের রিমন মিয়ার মেয়ে।
রিমন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়েকে স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা সাড়ে ১১টার দিকে ভর্তি করা হয়। দুপুর ১টায় তার মৃত্যু হয়।
এ সময়ের মধ্যে তার মেয়ের কাছে কোনো চিকিৎসক আসেনি এবং চিকিৎসার কোনো ব্যবস্থাপত্র কিংবা ওষুধও দেওয়া হয়নি।
“বিনা চিকিৎসায় আমার মেয়ে মারা গেছে,” বলেন রিমন।
অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহজাহান আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে এখানে আনা হয়। তারপরও যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।”
কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “উনারা তো মরা রোগীই নিয়ে এসেছিলেন।”
দুপুর ১টায় মারা যাওয়ার কথা অস্বীকার করে শাহজাহন বলেন, “ আনার আধাঘণ্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০০ ঘ.
bdnews24