২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সার্জেন্ট নিয়োগে কোটা বাস্তবায়নে ব্যর্থতা কেন অবৈধ নয়’

পুলিশের সার্জেন্ট পদে সর্বশেষ নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা বাস্তবায়নে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সার্জেন্ট পদে সর্বশেষ নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা বাস্তবায়নে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। দুই সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নিয়োগ কমিটির প্রধান এবং সহকারী মহাপরিদর্শককে (নিয়োগ ও ব্যবস্থাপনা) সাত জনকে এ জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে এই রুল জারি করে। ২০১১ সালের জুনে হওয়া ওই নিয়োগে স্বাস্থ্য ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় বাদ পড়া সরদার নুরুল ইসলামসহ ছয় চাকরিপ্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান রোববার রিট আবেদনটি করেন। আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নিয়োগে মোট ২৯৫ জনকে নেওয়া হয়। যাদের মধ্যে নিয়ম অনুযায়ী ৮৮ জন মুক্তিযোদ্ধা সন্তান হওয়ার কথা থাকলেও নেওয়া হয় মাত্র ৪৬। এটা কোটার বিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯২০ ঘ.