২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’, গুলিসহ আটক দুই

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর দুইজনকে আটক করেছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

বাগেরহাট, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর দুইজনকে আটক করেছে বলে কোস্টগার্ড জানিয়েছে। এসময় দুটি নৌকা জব্দ করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের দু’টি আস্তানা। আটকদের কাছ থেকে এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার ভাইজোড খালে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- আব্দুল বারেক (৪০) ও আব্দুল লতিফ মোল্লা (৪৫)। তাদের বাড়ি মংলা উপজেলার জয়মনি গ্রামে। মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এম. সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্ধারমানিক এলাকায় বনদস্যু গামা বাহিনী বেশ কিছুদিন ধরে আস্তানা করে আছে। অভিযান চালানোর সময় গামা বাহিনী গুলি ছুঁড়লে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। দু’ঘণ্টা পর বনদস্যুরা পিছু হটে। ঘটনাস্থল থেকে গামা বাহিনীর দুই সদস্যকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে গেছে। এ সময় ওই স্থান থেকে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী, বিছানাপত্র ও দুটি নৌকা উদ্ধার করা হয় এবং দুটি আস্তানা জ্বালিয়ে দেয় কোস্টগার্ড সদস্যরা, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৩ ঘ.