মাদারীপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় একযুগ পর মাদারীপুরের রাজৈর ব্র্যাক কার্যালয়ে ডাকাতি মামলার রায়ে সাতজনের সাজা হয়েছে।
সোমবার দুপুরে মাদারীপুর যুগ্ম-জেলা জজ মো. মিজানুর রহমান আসামিদের প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড দেন।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস কারাভোগ করতে হবে।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার রূপাইয়া গ্রামের মো. আজাহার ওরফে আজাদ, পুটিয়া গ্রামের আমিন মাতুব্বর, ঘটমাঝি গ্রামের সরোয়ার হোসেন ওরফে এলাইচ ঠান্ডু, মস্তফাপুর বড় খালপাড়ের মিজানুর রহমান হাওলাদার, ঘটকচর গ্রামের রবিদুল শরীফ, খাগদী গ্রামের লিয়াকত মাতুব্বর ও শিবচর উপজেলার শেখপুরের বাবুল খলিফা।
এছাড়া মাদারীপুরের আবুল হোসেন, নুরুল ঘরামী ও ফরহাদ মাতুব্বরকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ২ ফেব্র“য়ারি রাতে রাজৈর উপজেলার ব্র্যাক অফিস থেকে এক লাখ ১০ হাজার ৪৬১ টাকাসহ অন্য মামলামাল নিয়ে যায় ডাকাতরা।
পরদিন ব্যাংকটির ব্যবস্থাপক মোস্তফা কামাল বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন।
দণ্ডিতরা পলাতক রয়েছেন বলে জানান আইনজীবী সুজিত চ্যাটার্জী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24